Game

3 years ago

Shakib went to USA:তামিমরা যাবেন সিলেটে, সাকিব ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে

Shakib went to USA
Shakib went to USA

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চেমসফোর্ডে খেলা হবে বাউন্সি উইকেটে। সিলেটের উইকেটেও আছে বাউন্সের গন্ধ। চন্ডিকা হাথুরুসিংহে তাই পরিকল্পনা করেছেন, আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজের আগে সিলেটে হবে সংক্ষিপ্ত প্রস্তুতি ক্যাম্প। তিন দিনের সেই ক্যাম্পের উদ্দেশ্যে আগামীকাল সন্ধ্যায় বাংলাদেশ দল যাবে সিলেটে।

পুরো দলই যাচ্ছে, তা অবশ্য বলা যাচ্ছে না। কারণ দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সাকিব আল হাসানই যে নেই! বাংলাদেশ দল আজ যখন সিলেটের বিমানে উঠবে, ততক্ষণে যুক্তরাষ্ট্রে পৌঁছে সাকিব ঢুকে পড়েছেন পারিবারিক বলয়ে।

এবার অনেক বছর পর মাগুরায় বাবা-মায়ের সঙ্গে ঈদ করেছেন সাকিব। বন্ধুদের সঙ্গেও যে সময়টা তাঁর সেখানে দারুণ কেটেছে, সেটা তো পাঞ্জাবি গায়ে ক্রিকেট খেলার ভাইরাল ছবিতেই বোঝা গেছে।

তবে ঈদটা এবার সাকিবের কেটেছে স্ত্রী-সন্তানদের ছাড়া। তাঁরা আছেন যুক্তরাষ্ট্রে। পরিবারের সঙ্গে কয়েকটা দিন কাটানোর জন্য সাকিব বেছে নিয়েছেন আয়ারল্যান্ড সিরিজের আগের সময়টাই। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঈদের পরদিন গভীর রাতে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে তিনি ঢাকা ছেড়েছেন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে। বিসিবি সূত্র জানিয়েছে, সিলেটের প্রস্তুতি ক্যাম্প থেকে ছুটি নিয়েছেন তিনি।

আয়ারল্যান্ড সিরিজের আগে যুক্তরাষ্ট্র থেকেই ইংল্যান্ডের চেমসফোর্ডে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। ঢাকা থেকে বাংলাদেশ দল যাবে দুই ভাগে ভাগ হয়ে, যার বড় অংশটি যাবে ৩০ এপ্রিল দিবাগত রাতে।

আয়ারল্যান্ডের বিপক্ষে চেমসফোর্ডে তিনটি ওয়ানডে হবে ৯, ১২ ও ১৪ মে। তার আগে ৫ মে বাংলাদেশ দল খেলবে একটি প্রস্তুতি ম্যাচও। সাকিবের সে ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।

তারও আগে সিলেটের প্রস্তুতি ক্যাম্পে চেমসফোর্ডের কন্ডিশন খুঁজবে বাংলাদেশ দল। সাকিব ছাড়া সেখানে দলের বাকি সবাইকেই পাচ্ছেন অধিনায়ক তামিম ইকবাল ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে।


You might also like!