Game

3 years ago

RR vs LSG, IPL 2023:প্রথম ‘হোম’ ম্যাচে ধারাবাহিক রাজস্থানের সামনে সুপার জায়ান্টস

Sanju Samson(RR) and KL Rahul(LSG)
Sanju Samson(RR) and KL Rahul(LSG)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এ বারের টুর্নামেন্টে এখনও অবধি একাধিক ‘হোম’ ম্যাচ খেলেছে রাজস্থান রয়্যালস। যদিও সেগুলি খেলেছে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে। এ বার প্রকৃত অর্থেই ‘হোম ম্যাচে’ নামছে রাজস্থান রয়্যালস। জয়পুরে মরসুমের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। ঘরের মাঠে ফিরে উচ্ছ্বিসত সঞ্জু স্যামসনরা। কিন্তু কিছু অস্বস্তিও থাকছে। মরসুমের প্রথম ম্য়াচ হওয়ায় এখানকার পিচ, পরিস্থিতির সঙ্গে কতটা দ্রুত মানিয়ে নেওয়া যাবে! সঞ্জু স্য়ামসনের নেতৃত্বে এ বারও ভালো পারফর্ম করছে রাজস্থান। গত বারের রানার্স তারা। চেন্নাই সুপার কিংস এবং গত বারের চ্য়াম্পিয়ন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ দুটি জিতে আত্মবিশ্বাসে ভরপুর রাজস্থান। অন্য দিকে, এ বারের টুর্নামেন্টে ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ লখনউ সুপার জায়ান্টস

গতম্যাচে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বদলার বৃত্ত সম্পন্ন করেছে রাজস্থান। তারা গুজরাতের মাঠে গিয়ে গুজরাতকে হারিয়ে দিয়ে এসেছে। এই একটি ম্যাচে ফ্লপ করেছে তাদের ওপেনিং জুটি। তাতে অবশ্য বিচলিত নন রাজস্থানের কোচ কুমারা সঙ্গকারা। তিনি জানিয়েছেন, সঞ্জুর রানে ফেরা তাঁর কাছে অনেক বেশি স্বস্তিদায়ক। অধিনায়ক সঞ্জুও মনে করছেন, ঘরের মাঠে ফের রানে ফিরবেন জস বাটলার। তিনি আশা করছেন, লখনউ ম্যাচে ঘুরে দাঁড়াবেন যশস্বীও।

উল্টোদিকে শেষ ম্যাচে পঞ্জাবের কাছে অপ্রত্যাশিত হার খানিকটা চাপে রেখেছে লখনউকে। এই ম্যাচ জিতে পয়েন্ট টেবলের শীর্ষে ওঠার সুযোগ থাকছে লোকেশ রাহুলের কাছে। তিনি রানে ফিরেছেন। রানে আছেন পুরান এবং স্টয়নিসও। তবে এদিনের ম্যাচে একটা বিষয়ই দেখার। আর তা হল কুইন্টন ডি কক মাঠে নামছেন কীনা। কারণ, তাঁর মতো তারকা ক্রিকেটারকে এখন মাঠের বাইরেই রেখেছে এলএসজি।


You might also like!