
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মোহনবাগানের সহ-সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন Kunal Ghosh। সোশাল মিডিয়ায় নিজেই সেই সিদ্ধান্তের কথা জানান তিনি। পাশাপাশি ক্লাব কর্তৃপক্ষকে পাঠানো ইস্তফাপত্রও প্রকাশ করেছেন।দু’দফায় সবুজ-মেরুন ক্লাবের সহ-সভাপতির দায়িত্ব সামলানো কুণাল ঘোষ পোস্টে মোহনবাগানের সঙ্গে তাঁর দীর্ঘদিনের আবেগ ও সম্পর্কের কথাও তুলে ধরেছেন।
২০২২ সালে প্রথমবার মোহনবাগানের সহ-সভাপতি হন। ২০২৫-এ ফের তাঁর নাম মনোনীত হয়। এবার সেই দায়িত্ব ছাড়ছেন কুণাল ঘোষ। সোশাল মিডিয়ায় এই সিদ্ধান্তের নেপথ্যে ‘ব্যক্তিগত কারণ’ বলে উল্লেখ করেছেন। দু’দফায় ঐতিহ্যশালী ক্লাবের সহ-সভাপতি হিসেবে কাজ করতে পারায় নিজেকে ‘ধন্য’ বলে মনে করেন তিনি। সঙ্গে দু’টি ছবি আপলোড করেছেন কুণাল। যেখানে একটিতে ১৯৮৫ সালে মোহনবাগান মাঠে সবান্ধবে তাঁর ছবি। অন্যটিতে ২০২৫ সালে ‘মোহনবাগান ভক্ত’ লেখা টিশার্ট পরে স্কটল্যান্ডে।ক্লাব সভাপতি দেবাশিস দত্তকে লেখা ইস্তফার বয়ানটি তিনি তুলে ধরেছেন। সেখানে লিখেছেন, ‘জ্ঞান হওয়া থেকে আমি মোহনবাগান। আমার হাঁটা শেখাও এই লনে। বাল্য, কৈশোর থেকে মাঠের গ্যালারিতে। ক্লাব সাসপেনশনের মুখে পড়ার সময় সমর্থকদের বিপুল সই নিয়ে মানসদা, বিদেশদা, আমি দিল্লিতে এআইএফএফ দপ্তরে গিয়ে বৈঠকও চোখের উপর ভাসে। পরে সহ সভাপতি হিসেবেও সাধ্যমত গঠনমূলক কাজে সঙ্গে থাকার চেষ্টা করেছি। সেই কাজ করতেও ভালো লেগেছে। আমার প্রস্তাবমত ক্লাবে ‘স্পোর্টস লাইব্রেরি’ চালু করায় আপনাকে ধন্যবাদও জানাই।’
সোশাল মিডিয়ায় তিনি আরও লিখেছেন, ‘এখন সম্পূর্ণ ব্যক্তিগত কারণে সহসভাপতির পদ থেকে ইস্তফা দিচ্ছি। আমি মোহনবাগান সদস্য, সমর্থক হিসেবেই থাকব। দয়া করে ইস্তফা গ্রহণ করবেন। সভাপতি আপনি এবং সচিব সৃঞ্জয় বোস, আপনাদের নেতৃত্বে এবং কর্মসমিতির সক্রিয়তায় মোহনবাগান এগিয়ে চলুক। আন্তরিক শুভেচ্ছা থাকল।’
