Game

3 years ago

Rishav Panth : ঋষভ পন্থ স্থিতিশীল রয়েছেন, গাড়িতে আগুন লাগা সত্ত্বেও অলৌকিকভাবে বাঁচলেন ক্রিক্রেটার

Rishabh Pant
Rishabh Pant

 

দেহরাদূন, ৩০ ডিসেম্বর : স্থিতিশীল রয়েছেন ক্রিক্রেটার ঋষভ পন্থ। এমনটাই জানালেন দেহরাদূনের ম্যাক্স হাসপাতালের চিকিৎসক ডাঃ আশীষ ইয়াগনিক। তিনি শুক্রবার বলেছেন, "ক্রিকেটার ঋষভ পন্থ অর্থোপেডিকস এবং প্লাস্টিক সার্জনদের পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর অবস্থা স্থিতিশীল। পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত মেডিকেল বুলেটিন প্রকাশ করা হবে। তারপরে, আমরা পরবর্তী পদক্ষেপগুলি গ্রহণ করব।" দিল্লি থেকে উত্তরাখণ্ডে নিজের বাড়ি ফিরছিলেন ঋষভ পন্থ। ভোর ৫.৩০ মিনিটে তাঁর গাড়িটির দুর্ঘটনা ঘটে। নিজেই গাড়ি চালাচ্ছিলেন পন্থ। সেই সময় ঘুমিয়ে পড়েছিলেন তিনি, এমনটাই জানা যাচ্ছে। গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে। ভয়াবহ দুর্ঘটনা ঘটে। গাড়িটিতে আগুনও লেগে গিয়েছিল। সেখান থেকে নিজেকে বাঁচান পন্থ। হরিদ্বারের সুপার (গ্রামীণ) এস কে সিং বলেছেন, "সকাল ৫.৩০ মিনিট নাগাদ আমরা খবর পাই, ক্রিকেটার ঋষভ পন্থের গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। তাঁকে প্রথমে রুরকির সাক্ষম হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে তাঁকে দেহরাদূনের হাসপাতালে ভর্তি করা হয়। তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন এবং একা ছিলেন। আত্মীয়দের সঙ্গে দেখা করতে রুরকি যাচ্ছিলেন তিনি। রুরকির দিকে নারসান থেকে প্রায় ১ কিলোমিটার আগে তিনি ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটে।"

শুক্রবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে হরিদ্বার জেলায় মঙ্গলৌর এবং নরসানের মাঝে, রুরকি সীমান্তের কাছে দিল্লি-দেহরাদূন হাইওয়ের ওপর। গাড়িটিতে আগুনও ধরে যায়। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় আহত ক্রিকেটার ঋষভ পন্থের চিকিৎসার জন্য সম্ভাব্য সমস্ত ব্যবস্থা নিশ্চিত করতে এবং প্রয়োজনে একটি এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহ করার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। পুলিশ সুপার দেহাত স্বপ্ন কিশোর জানিয়েছেন, হরিদ্বার জেলার মঙ্গলৌর ও নরসানের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে ক্রিকেটার ঋষভ পন্থের গাড়ি। রুরকি সিভিল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে দেহরাদূনের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলৌর থানা এলাকার ৫৮ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে।

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে খেলেছিলেন ঋষভ পন্থ। ঢাকা থেকে দিল্লি ফেরেন তিনি। সেখান থেকে উত্তরাখণ্ডে নিজের বাড়িতে ফিরছিলেন পন্থ। সেই সময় ডিভাইডারে ধাক্কা মারে তাঁর গাড়ি। মাথায় চোট লেগেছে ভারতীয় এই উইকেট রক্ষকের। পিঠেও একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পন্থ নিজেই তাঁর বিএমডব্লিউ গাড়িটি চালাচ্ছিলেন। দিল্লি-দেহরাদূন হাইওয়েতে রুরকির কাছে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে। এর পরেই গাড়িটিতে আগুন লেগে যায়।


You might also like!