Game

3 years ago

BCCI : বোর্ডের নির্বাচক হতে চান ধোনি, সচিন, সহবাগ,ইনজামামরা

BCCI receives fake applications in the name of MS Dhoni, Virender Sehwag and Inzamam Ul Haq
BCCI receives fake applications in the name of MS Dhoni, Virender Sehwag and Inzamam Ul Haq

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন নির্বাচক কমিটি এখনও তৈরি হয়নি, তবে শোনা যাচ্ছে বিসিসিআইয়ের নতুন নির্বাচক কমিটিতে জায়গা পেতে নাকি আবেদন করেছেন সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিংহ ধোনি, বীরেন্দ্র সহবাগ। তালিকায় নাকি রয়েছেন ইনজামাম উল হকও। 

চমকে গেলেন ইনজামাম উল হকের নাম শুনে! উনি পাকিস্তানের নাগরিক হয়ে ভারতীয় বোর্ডের নির্বাচক হবেন কী করে ভাবছে তো ? কিন্তু এমনটাই হয়েছে। আসলে সব গুলিই ভুয়ো। অনলাইনে আবেদন জমা নেওয়ার জন্যই এই ঘটনা ঘটেছে। 

বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, পাঁচ সদস্যের নির্বাচক কমিটিতে জায়গা পেতে ৬০০-র উপর আবেদন জমা পড়েছে। তার মধ্যে সচিন, ধোনি, সহবাগ, ইনজামামের নাম রয়েছে। কেউ বা কারা ভুয়ো ইমেল আইডি তৈরি করে তাঁদের নামে আবেদন জমা করেছেন বলে জানিয়েছেন ওই আধিকারিক।  

ভারতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচক কমিটির সদস্য হওয়ার জন্য আবেদনের শেষ দিন ছিল ২৮ নভেম্বর। নির্বাচক হতে চেয়ে আবেদন করেছেন অনেক প্রাক্তন ক্রিকেটার। এখনও পর্যন্ত ২১ জনের নাম জানা গিয়েছে। তাঁদের মধ্যে বাংলার তিন জন রয়েছেন। এখনও পর্যন্ত উত্তরাঞ্চলের হয়ে ছ’জনের নাম জানা যাচ্ছে। তাঁরা হলেন, মনিন্দর সিংহ, অতুল ওয়াসন, নিখিল চোপড়া, অজয় রাতরা, রীতিন্দর সিংহ সোধি ও গুরশরণ সিংহ। পূর্বাঞ্চল থেকে আবেদন করেছেন, সৌরাশিস লাহিড়ি, শুভময় দাস, শরদিন্দু মুখোপাধ্যায়, শিবসুন্দর দাস, প্রভাঞ্জন মল্লিক ও আর আর পারিদা। এই ছ’জনের মধ্যে সৌরাশিস, শু‌ভময় ও শরদিন্দু বাংলা থেকে আবেদন করেছেন। মধ্যাঞ্চল থেকে আবেদন করেছেন জ্ঞানেন্দ্র পাণ্ডে ও অময় খুরেশিয়া। চমক রয়েছে পশ্চিমাঞ্চলে। সেখান থেকে বিসিসিআইয়ের নির্বাচক হতে আবেদন করেছেন বিনোদ কাম্বলি। তা ছাড়া নয়ন মোঙ্গিয়া, সলিল আঙ্কোলা ও সমীর দিঘেও রয়েছেন তালিকায়। দক্ষিণাঞ্চল থেকে বিসিসি‌আইয়ের নির্বাচক হতে চেয়ে আবেদন করেছেন লক্ষ্মণ শিবরামকৃষ্ণণ, হেমাঙ্গ বাদানি ও কানওয়ালজিৎ সিংহ। 

সূত্রের খবর, আবেদনকারী প্রাক্তন ক্রিকেটারদের সাক্ষাৎকার নেওয়া হবে। বিসিসিআই একটি ক্রিকেট পরামর্শদাতা কমিটি গঠন করবে। সেই কমিটির সদস্যরা জাতীয় নির্বাচক হতে আগ্রহী প্রাক্তন ক্রিকেটারদের সাক্ষাৎকার নেবেন। আগামী বছর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেট সিরিজ়ের জন্য দল বাছা দিয়ে কাজ শুরু করবে নতুন নির্বাচক মণ্ডলী। 

You might also like!