
মুম্বই, ১৫ মার্চ : ফের বিনোদন জগতে নক্ষত্র পতন। প্রয়াত হয়েছেন প্রবীণ অভিনেতা সমীর খাখর। দূরদর্শনের জনপ্রিয় সিরিয়াল ''নুক্কাড়''-এ খোপড়ি-র চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে পরিচিতি পেয়েছিলেন। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৭১ বছর। জানা গিয়েছে, শ্বাসকষ্ট ও অন্যান্য চিকিৎসাজনিত সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার সকালে তার শ্বাসকষ্ট শুরু হয়। এরপর সমীরকে বোরিভলির এমএম হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই বুধবার ভোর ৪.৩০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
প্রয়াত অভিনেতা সমীর খাখরের ভাই গণেশ খাখর বলেছেন, মঙ্গলবার সকালে শ্বাসকষ্ট অনুভব করেন তাঁর দাদা সমীর খাখর। তিনি চিকিৎসককে ডাকেন, চিকিৎসক হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। সেই মতো হাসপাতালে ভর্তি করা হয় এবং আইসিইউ-তে চিকিৎসা চলছিল। তাঁর শারীরিক অঙ্গপ্রত্যঙ্গ অসার হয়ে যায়। এরপর বুধবার ভোর ৪.৩০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
টুইটারে চলচ্চিত্র নির্মাতা হংসল মেহতা সমীরের ছবি শেয়ার করেছেন এবং শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘কোনও কারণে কলেজে থাকতে নুক্কাদের আইকনিক চরিত্রের নামানুসারে আমার ডাকনাম খোপড়ি হয়েছিল। আমার সেই সময়ের সবচেয়ে কাছের বন্ধুরা এখনও আমাকে খোপড়ি বলেই ডাকে। কিন্তু আমি মনে করি সেটাকে বিদায় জানানোর সময় এসেছে। বিদায় সমীর খাখর। স্মৃতিগুলোর জন্য ধন্যবাদ।’
প্রসঙ্গত, সমীর খাখর টিভি ও ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন দীর্ঘ সময়। তাকে নুক্কাড়, মনোরঞ্জন, সার্কাস, নয়া নুক্কাড়, শ্রীমান শ্রীমতি এবং আদালতের মতো শোতে দেখা গিয়েছে। তাকে শেষ দেখা গিয়েছিল সঞ্জীবনীতে সহ-অভিনেতা সুরভী চন্দনা এবং নমিত খান্নার সঙ্গে। গুজরাটি থিয়েটারেও তিনি পরিচিত নাম ছিলেন। নুক্কাড়-এ খোপড় চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত ছিলেন সমীর।
