
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আবীর-ঋতাভরীর রঙিন প্রেমের গল্প নিয়ে আসছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিবেদিত,উইন্ডোজ প্রযোজিত অরিত্র মুখোপাধ্যায়ের নতুন ছবি 'ফাটাফাটি '।দোলের দিন মুক্তি পেল ছবির নতুন টিজার। ‘উইন্ডোজ প্রোডাকশন'-এর তরফে ছবির টিজার পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, 'এই রঙের উৎসবে আবির শুধু আকাশে-বাতাসে নয়, কারও বাসায় আবার কারও ভালবাসায়।'
জানা গিয়েছে, ছবির শুভ মুক্তি ১২ই মে ।' ‘ব্রহ্মা জানেন গোপন কম্মোটির পর 'উইন্ডোজ প্রোডাকশন'-এর হাত ধরে ফের জুটি বাঁধতে চলেছেন ঋতাভরী চক্রবর্তী। পর্দায় আবীর ও ঋতাভরীকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে। ছবিতে রয়েছেন স্বস্তিকা দত্ত।
ফেব্রুয়ারিতে 'ফাটাফাটি' মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছিল। গত ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে'তে এই ছবির প্রথম লুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, 'প্রত্যেকটা মেয়ে এমন একজন ভালোবাসার মানুষ চায়, যে সারা জীবন শুধু তার হাত নয়, প্রয়োজনে শাড়ির কুচিটাও ধরবে! এই ভ্যালেন্টাইন্স ডে আর মোটামুটি নয়, কাটুক ফাটাফাটি!'
পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের আগের দুটি ছবি 'ব্রহ্মা জানেন গোপন কম্মোটি' ও 'বাবা বেবি ও' দর্শক মহলে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। 'ফাটাফাটি' ছবিটি দর্শকদের কাছে কতটা ফাটাফাটি হয় এখন সেটাই দেখার।
