
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সঞ্জয় লীলা বনশালির প্রথম ওয়েব সিরিজ, ‘হীরামাণ্ডি’। যার প্রেক্ষাপট স্বাধীনতার আগের লাহোর। সেই সময় এই জায়গা ছিল ভারতের মধ্যেই। দীর্ঘদিন ধরেই এই সিরিজের পরিকল্পনা করছেন সঞ্জয়। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি’ বানানোর আগে থেকেই তাঁর ভাবনায় এটা রয়েছে। এবারে পতিতাপল্লির কাহিনি নিয়ে ওয়েব সিরিজ তৈরি করছেন পরিচালক। অবশেষে এর প্রথম ঝলক সামনে আসলো। ফার্স্টলুকে পরিচয় করিয়ে দেওয়া হল সিরিজের প্রধান ছয় চরিত্রকে। সেখানে অভিনয়ে রয়েছেন মণীশা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দরি, রিচা চড্ডা, শারমিন সেগল ও সনজিদা শেখ।
অনেকদিন ধরেই সিরিজটির জন্য অপেক্ষা করে রয়েছে দর্শকরা। বনশালির এই নতুন সিরিজে দেখান হবে স্বাধীনতার আগে লাহোরের বারবনিতাদের জীবন। ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’র শুটিংয়ের সেটকেই নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে এই সিরিজের জন্য। যা দেখলে মনে হতে বাধ্য যে এটা সত্যিই পাকিস্তান। সেখানেই চলছে হীরামাণ্ডি শুটিং।
ইতিমধ্যেই সিরিজের দু’টি ফার্স্টলুক টিজার প্রকাশ্যে চলে এসেছে। যেখানে একটিতে দেখা যাচ্ছে নায়িকারা সোনালি পোশাকে রয়েছেন, আর একটিতে কালো পোশাকে। শনিবার দুপুরে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স থেকে প্রকাশ করা হয়েছে এই ফার্স্টলুক টিজার। নেটফ্লিক্সে দেখা যাবে ‘হীরামাণ্ডি’। তবে তা কবে থেকে? তা জানানো হয় নি।
