Entertainment

1 hour ago

Sonu Health Update: তীব্র স্নায়ুর যন্ত্রণায় কাবু সোনু নিগম, চিকিৎসাধীন অবস্থায় মঞ্চে ফেরার প্রস্তুতি গায়কের

Sonu Nigam's latest video goes viral
Sonu Nigam's latest video goes viral

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  জনপ্রিয় গায়ক সোনু নিগমের শারীরিক অসুস্থতার খবরে উদ্বিগ্ন তাঁর অসংখ্য অনুরাগী। গত কয়েক সপ্তাহ ধরে স্নায়ুজনিত সমস্যায় ভুগছেন তিনি। অসুস্থতার কারণে নিয়মিত চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে হচ্ছে গায়ককে। ইতিমধ্যেই একাধিক মেডিক্যাল পরীক্ষা, যেমন এমআরআই ও সিটি স্ক্যান করানো হয়েছে।

সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা জানান সোনু। তিনি বলেন, ‘‘আমার স্নায়ুগুলো যেন চিমটি কাটছে, এত যন্ত্রণা হচ্ছে। এক সপ্তাহ ধরে এমআরআই আর সিটি স্ক্যান করাচ্ছি। অনেক ওষুধও খাচ্ছি।’’ কাঁধে ব্যান্ডেজ নিয়েই অনুরাগীদের সামনে ধরা দেন তিনি। গায়কের কথায়,  চিকিৎসার অংশ হিসেবে নিয়মিত ওষুধের পাশাপাশি ফিজ়িয়োথেরাপিও চলছে। তবে সেই প্রক্রিয়াও মোটেই সহজ নয়। বরং ফিজ়িয়োথেরাপির সময় তাঁকে যথেষ্ট কষ্ট সহ্য করতে হয়েছে। বর্তমানে ব্যথা কমানোর ওষুধ এবং পেশি শিথিলকারী ওষুধ সেবন করছেন তিনি। এর প্রভাব তাঁর কণ্ঠেও পড়েছে বলে জানিয়েছেন সোনু। ফলে আসন্ন লাইভ অনুষ্ঠানে গান গাওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।


তবে শারীরিক অসুস্থতা সত্ত্বেও কাজ থেকে পিছিয়ে আসতে নারাজ এই বর্ষীয়ান শিল্পী। চলতি মাসের শেষ দিকে মুম্বইয়ে নির্ধারিত অনুষ্ঠানে উপস্থিত থাকার ব্যাপারে তিনি আশাবাদী। সমস্ত প্রতিকূলতাকে জয় করে মঞ্চে ফেরার প্রস্তুতি নিচ্ছেন সোনু। প্রসঙ্গত, এর আগেও গুরুতর শারীরিক সমস্যার মুখোমুখি হতে হয়েছিল গায়ককে। প্রায় এক বছর আগে শিরদাঁড়ায় চোট পাওয়ার পরও ব্যথা উপেক্ষা করে অনুষ্ঠান করেছিলেন তিনি। তাই এবারও তাঁর লড়াকু মনোভাব মুগ্ধ করেছে অনুরাগীদের। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে গায়কের দ্রুত সুস্থতা কামনা করে শুভেচ্ছাবার্তা পাঠাতে শুরু করেছেন ভক্তরা। 


You might also like!