
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: চেক বাউন্স মামলায় জেলযাপন শেষে অবশেষে জামিন পেলেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। ১.৫ কোটি টাকা জরিমানা জমা দিয়ে শর্তসাপেক্ষে মুক্তি পাওয়ার পরই তিনি পৌঁছে যান উত্তরপ্রদেশের শাহজাহানপুরে—ভাগ্নির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে।
জেল থেকে ছাড়া পাওয়ার পর পরিবারের সঙ্গে সময় কাটাতেই এই আবেদন করেছিলেন অভিনেতা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, বেইজ রঙের কুর্তা-ধুতি পরে জনপ্রিয় গান তেরি চুনারিয়া-র তালে প্রাণ খুলে নাচছেন তিনি। গানটি ছিল ১৯৯৯ সালের ছবি ‘হ্যালো ব্রাদার’- যেখানে অভিনয় করেছিলেন সলমন খান এবং আরবাজ খান। ভিডিও প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় মিশ্র প্রতিক্রিয়া বর্তমান। কেউ লিখেছেন, ‘ভীষণ খুশি দেখাচ্ছে ওঁকে।’ অন্য একজন লিখেছেন, ‘সপরিবারে পারিবারিক অনুষ্ঠানে এসেছে সত্যিই তিনি একজন ফ্যামিলি ম্যান।’

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি ৯ কোটি টাকার ঋণ সংক্রান্ত মামলায় আত্মসমর্পণ করেছিলেন রাজপাল। ২০১০ সালে নিজের পরিচালনায় নির্মিত 'আতা পাতা লাপাতা' (২০১২) ছবির জন্য একটি সংস্থার কাছ থেকে ৫ কোটি টাকা ঋণ নেন তিনি। ছবি বক্স অফিসে সফল না হওয়ায় ঋণ শোধে জটিলতা তৈরি হয়। পরবর্তীতে একাধিক চেক বাউন্সের ঘটনায় নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারায় দোষী সাব্যস্ত হন অভিনেতা ও তাঁর স্ত্রী। আদালত ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেয়, যা পরবর্তীতে উচ্চতর আদালতেও বহাল থাকে। ২০২৪ সালের জুনে আদালত তাঁর সাজা স্থগিত রেখে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দেয়। আইনি টানাপোড়েনের মাঝেই পরিবারকে প্রাধান্য দিয়ে আপাতত আনন্দঘন মুহূর্তে নিজেকে ব্যস্ত রাখছেন রাজপাল যাদব। তবে আইনি প্রক্রিয়া এখনও পুরোপুরি শেষ হয়নি বলেই জানা যাচ্ছে।
Rajpal Yadav dances hours after release from Tihar Jail.
— चंदन सिंह (@singhc5191) February 19, 2026
He headed straight to his village in Shahjahanpur and hit the dance floor at his niece’s mehendi ceremony.#ChequeBounceCase pic.twitter.com/2y4EN45JM9
