
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে মণিপুরে। বাবা, মা আটকে রয়েছেন। মৃত্যুর দিন গুনছেন। কিভাবে তাঁদের থেকে মুখ ফিরিয়ে থাকেন পর্দার মেরিকম অর্থাৎ লিন লইশ্রাম? এমন ঘটনায় অসহায় লাগছে লিনের তবুও কিছুই করতে পারছেন না তিনি।
সকলের কাছে তাঁর কাতর আর্জি, “আমার বাবা-মা মণিপুর ছেড়ে আমার কাছে চলে আসতে চায়। কিন্তু আমি পারছি না ওদের আনতে। কেউ কি কোনও সমাধান দিতে পারেন?” বলিউডের নীরব ভূমিকার সমালোচনা করে লিন বলেছেন, “বলিউডের কথায় গোটা দেশ মাতে। যখন মণিপুরের মীরাবাঈ চানু কিংবা মেরি কম মেডেল পেলেন তখন দেশ হাততালি দিল। তাঁদের অবমাননার সময়ে সবাই এখন কোথায়?” অভিনেত্রীর দাবি, কোনও এক জন তারকাও যদি মুখ খুলতেন, অনেকটা প্রভাব পড়ত।
মণিপুরে এখনও পর্যন্ত প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহতের সংখ্যা প্রায় ৫০০। গোষ্ঠীহিংসার জেরে ঘরছাড়া হয়েছেন ২৫ হাজারেরও বেশি মানুষ! মায়ানমার সীমান্ত পেরিয়ে এসে কুকি জঙ্গিরা মেইতেইদের উপর হামলা চালাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।
