
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অভিনেতা অভিনেত্রীদের শারীরিক গঠন নিয়ে প্রায়শই তাঁদের নানান কটাক্ষের শিকার হতে হয়। তবে এই সব কটাক্ষকে এড়িয়ে নিজের কাজকে গুরুত্ব দেওয়া এবং দর্শকের হাততালিই মুল লক্ষ্য অভিনেতা কাঞ্চন মল্লিকের।
জীবন উপভোগ করে কাটানো বোধহয় কাঞ্চন মল্লিকের কাছ থেকে শিখতে হয়। যার চেহারা থেকে অভিনয় ভক্তসংখ্যা গুণে শেষ করা যাবে না। একটা সময় ছিল যখন তাঁকে দেখার জন্য অনেকেই টিভির পর্দায় হাঁ করে বসে থাকতেন। কারণ, একটাই। কীভাবে গোটা শরীর দিয়ে অভিনয় করতে পারে একজন অভিনেতা তা কাঞ্চনকে না দেখলে বোঝা কঠিন। সামনেই মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত টেনিদা।
একজন সেলসম্যান থেকে একদিন জনতার এক্সপ্রেসে চড়ে আজ এই জায়গায় তিনি। গোটা জার্নিতে নানা ওঠাপড়া এসেছে তো বটেই। তবু তারপর থেকেই মানুষের হৃদয়ের কাঞ্চন মল্লিক হয়ে ওঠা। সত্যিই যে শুধুমাত্র তাঁর নাম নিলেই হাসির চরিত্রের উল্লেখ হয়, এতটুকুও কি আক্ষেপ হয় না কাঞ্চন মল্লিকের। এই সময় ডিজিটালের মুখোমুখি হয়ে তিনি বললেন। ‘কোনও আক্ষেপ নেই। কত লোকই তো কত কিছু বলে। আমি রোগা বেশ করেছি আমি রোগা। সবাইকে মোটা হতে হবে এমন কোনও ব্যাপার নেই। আমাকে দেখে যদি লোক হাসে বা আমার কাজ দেখে যদি লোকের হাসি পায়, তাহলে বুঝব আমি খুব ভালো কাজ করছি।’
