
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা অর্জুন রামপাল বর্তমানে নতুন কাজের সাফল্য উপভোগ করলেও জীবনের একটি দীর্ঘ সময় তিনি কাটিয়েছেন গভীর মানসিক অস্থিরতার মধ্যে। ব্যক্তিগত জীবনের নানা প্রতিকূলতা তাঁকে একসময় ভীষণভাবে ভেঙে দিয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন অভিনেতা। অর্জুন জানান, জীবনের এক পর্যায়ে তিনি তীব্র একাকিত্বের শিকার হয়েছিলেন। দীর্ঘদিনের দাম্পত্য সম্পর্ক ভেঙে যাওয়ার পাশাপাশি পরিবারের একের পর এক সংকট তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। তাঁর কথায়, “আমি একাকিত্ব অনুভব করেছি জীবনের একটা সময়ে। আমার বিয়েটা ভেঙে যাচ্ছিল। এটা দুঃখজনক, কারণ ভালবাসা সব সময় একই রকম থাকে না। জীবনে কিছুই স্থায়ী নয়। আমরাও সব সময় বদলাচ্ছি। আর অনেক সময় সেই পরিবর্তনের পথে দু’জন মানুষ একসঙ্গে এগোতে পারে না।” অর্জুন জানান, সেই সময়ে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছিল। কারণ, তাঁর মা ক্যানসারে আক্রান্ত ছিলেন। তিনি বলেন, “সম্ভবত ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে অন্ধকার সময়। তখন আমার মা ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। আমি তাঁকেও হারিয়ে ফেলছিলাম। আমার কাছের মানুষেরাও সরে যাচ্ছিল। তার তিন বছর আগে বাবাকে হারিয়েছিলাম। বন্ধুদের হারাচ্ছিলাম। জীবনে যা কিছু পেতে এত পরিশ্রম করেছি, সব যেন হাতছাড়া হয়ে যাচ্ছিল।”

প্রসঙ্গত, ১৯৯৮ সালে মেহর জেসিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অর্জুন। প্রায় দুই দশকের দাম্পত্য জীবনের পর ২০১৮ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের দুই কন্যা সন্তান রয়েছে। একই বছরে গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডসের সঙ্গে পরিচয় হয় অভিনেতার। সেই পরিচয় ধীরে ধীরে সম্পর্কে পরিণত হয় এবং বর্তমানে তাঁরা একসঙ্গেই রয়েছেন। তাঁদের দুই পুত্রসন্তানও রয়েছে। জীবনের কঠিন সময়ে গ্যাব্রিয়েলার ভূমিকার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অর্জুন। তিনি জানান, যখন চারপাশে সবকিছু ভেঙে পড়ছিল, তখন গ্যাব্রিয়েলাই তাঁর পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন। দু’জনেই জীবনের নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে গিয়েছেন এবং একে অপরের শক্তি হয়ে উঠেছেন।
উল্লেখ্য, দীর্ঘদিনের সম্পর্কের পরও এখনও আনুষ্ঠানিকভাবে বিয়ে করেননি অর্জুন ও গ্যাব্রিয়েলা। তবে বিয়ের সম্ভাবনা উড়িয়ে দেননি তাঁরা। সম্প্রতি এক পডকাস্টে গ্যাব্রিয়েলা জানান, “আমরা এখনও বিবাহিত নই। কিন্তু কে-ই বা বলতে পারে ভবিষ্যতে কী হতে পারে?” সেই সাক্ষাৎকারে ছিলেন অর্জুনও। তিনি সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন, “আমাদের বাগ্দান হয়ে গিয়েছে। তোমার অনুষ্ঠানেই প্রথম বললাম এই কথাটা।” জীবনের নানা ঝড়ঝাপটা পেরিয়ে আজ নতুন অধ্যায়ে পা রেখেছেন অর্জুন রামপাল। তবে অতীতের সেই অন্ধকার দিনগুলোর স্মৃতি এখনও তাঁর মনে গভীরভাবে গেঁথে রয়েছে।
