
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত ১৪ ফ্রেব্রুয়ারি বকখালি বেড়াতে যাওয়ার পথে মৃত্যু হয় জনপ্রিয় ইউটিউবার অমিত মণ্ডলের। মারা গিয়েও বাবা-মায়ের ভরণপোষণ করে চলেছেন অমিত। ইউটিউব থেকে এখনও টাকা পাচ্ছেন অমিতের দুঃস্থ বাবা-মা।
শারীরিক প্রতিবন্ধকতা কখনও তাঁর জীবনীশক্তিকে হার মানাতে পারেনি। দারিদ্রও টলাতে পারেনি অমিতের বড় হওয়ার ইচ্ছেকে। দুঃস্থ বাবা-মায়ের প্রতিবন্ধী ছেলেটি পড়াশোনা করতেন কলেজে। প্রথম বর্ষের ছাত্র ছিলেন। সেই সঙ্গে নেশা এবং পেশা ছিল নিত্যনতুন ভিডিয়ো বানানোর। তার জীবন যুদ্ধের না না ভিডিয়ো মুহুর্তে ভাইরাল হয়েছে। মাত্র ২২ বছরের যুবকের প্রাণ কাড়ে একটি পথ দুর্ঘটনা।
অমিতের বাবা চিত্ত এবং মা সন্ধ্যা মণ্ডলের এখন দিন কাটছে ছেলের স্মৃতিগুলো নিয়ে। তাঁরা দু’জনেই শারীরিক ভাবে অক্ষম। বৃদ্ধ বয়সে একমাত্র ছেলেকে হারিয়ে অসহায় ওই দম্পতি। ছেলের তৈরি করা ভিডিয়ো দিয়ে আর কত দিন তাঁরা টাকা পাবেন তা নিজেরাও জানেন না। তবে ছেলের মৃত্যুর পর অনেকেই তাঁদের খোঁজ নিচ্ছেন বলে জানান চিত্ত। তাঁর কথায়, ‘‘কত জায়গা থেকে লোক জন আসছে।’’
অমিতের বাবা-মায়ের নিয়মিত খোঁজখবর নেন তাঁর দুই বন্ধু।তারা অমিতকে ইউটিউবের কাজে সাহায্য করতেন। তাঁরাও সাধ্যমতো অর্থসাহায্য করছেন। সরকারি ভাতারও ব্যবস্থা করা হয়েছে।
