
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: জন্মদিনকে স্মরণীয় করে রাখতে বিশেষ পরিকল্পনা করেছিলেন টেলিভিশন অভিনেত্রী জ্যাসমিন বাসিন। প্রেমিক অ্যালি গোনিকে সঙ্গে নিয়ে দুবাইয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। কিন্তু আনন্দের সেই সফর আচমকাই বদলে যায় দুঃস্বপ্নে। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করতে হয়। জন্মদিনের দিন হাসপাতালের বিছানাতেই কাটাতে হয়েছে অভিনেত্রীকে। এই কঠিন সময়ে এক মুহূর্তের জন্যও জ্যাসমিনের পাশ ছাড়েননি অ্যালি গোনি। সমাজমাধ্যমে হাসপাতালের একটি ছবি শেয়ার করে প্রেমিকার দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। আবেগঘন পোস্টে অ্যালি লেখেন, ‘শুভ জন্মদিন জ্যাসমিন। আমরা এখানে এসেছিলাম তোমার জন্মদিন উদযাপন করতে। একটা দারুণ পরিকল্পনা ছিল। জন্মদিনের সুন্দর স্মৃতি তৈরি করার বদলে আমরা এখন হাসপাতালের কেবিনে।’

তিনি আরও লেখেন, ‘তোমাকে কষ্ট পেতে দেখছি, এই সফরের সবচেয়ে কঠিন মুহূর্ত। আবার সুস্থ ও হাসিখুশি দেখতে সব উদযাপন ত্যাগ করতে রাজি। আল্লা তোমাকে অফুরন্ত সুখ, সুস্বাস্থ্য, ভালোবাসা ও সাফল্য প্রদান করুক। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আজ তোমার জন্মদিনে এটাই আমার একমাত্র প্রার্থনা। শুভ জন্মদিন। সবসময় ভালোবাসি।’ এরপর জ্যাসমিনের শারীরিক অবস্থা সম্পর্কে অনুরাগীদের আপডেট দিয়ে অ্যালি জানান, ‘যাঁরা আমাকে বারবার ফোন ও মেসেজ করছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। আপনাদের ভালোবাসা, প্রার্থনা ও শুভকামনার জন্য কৃতজ্ঞ। আমরা জ্যাসমিনের জন্মদিন উদযাপন করতে দুবাই এসেছিলাম, কিন্তু পরিস্থিতি অন্যরকম হয়ে গেল। হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং মারাত্মক সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি করতে হয়। গত কয়েকটি দিন আমাদের জন্য অত্যন্ত কঠিন ও আবেগঘন ছিল।’

অ্যালি আরও জানান, ‘সবার ফোন বা মেসেজের উত্তর দিতে পারিনি, তার জন্য দুঃখিত। এই মুহূর্তে ওঁর পাশে থাকাটাই আমার প্রধান কাজ। চিকিৎসার পর এখনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। ইনশাআল্লাহ, খুব শিগগিরই ও আবার আগের মতো হাসিমুখে ফিরে আসবে। দয়া করে ওঁর জন্য প্রত্যেকে প্রার্থনা করবেন।’ উল্লেখ্য, ২০১৮ সালে ‘খতরোঁ কে খিলাড়ি ৯’-এর শুটিং চলাকালীন আর্জেন্টিনায় প্রথম পরিচয় হয় জ্যাসমিন বাসিন ও অ্যালি গোনির। বন্ধুত্ব থেকে শুরু হওয়া সেই সম্পর্ক পরবর্তীতে প্রেমে পরিণত হয়। ২০২০ সালে ‘বিগ বস ১৪’-এর মঞ্চেই প্রকাশ্যে একে অপরের প্রতি ভালোবাসার কথা স্বীকার করেছিলেন এই জনপ্রিয় তারকা জুটি।
