
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শনিবার সন্ধ্যায় প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত বাংলা ছবি ‘অভিমান’-এর ট্রেলার। আর সেই উপলক্ষে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে যেন এক ছাদের নীচে মিলিত হল বাংলা চলচ্চিত্র জগতের একাধিক প্রজন্ম। তারকাদের উপস্থিতির পাশাপাশি বর্ষীয়ান পরিচালকদের সম্মান জানানোর মুহূর্তই হয়ে উঠল এদিনের সন্ধ্যার অন্যতম আকর্ষণ। নবাগত প্রযোজক সৌরভ দাস ও যিশু সেনগুপ্তের প্রযোজনায় তৈরি ‘অভিমান’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন টলিউডের একঝাঁক তারকা। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত-সহ চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের নজর কেড়েছে শুভশ্রীর অভিনয় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দ্বৈত চরিত্রের উপস্থিতি। পাশাপাশি যিশু সেনগুপ্তের চরিত্রও ছবির প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
তবে শুধুমাত্র ট্রেলার নয়, অনুষ্ঠানের একাধিক আবেগঘন মুহূর্তও উপস্থিত অতিথিদের মন ছুঁয়ে যায়। বিশেষ আমন্ত্রণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ পরিচালক প্রভাত রায়, স্বপন সাহা, হরনাথ চক্রবর্তী, অনুপ সেনগুপ্ত-সহ বাংলা চলচ্চিত্রের একাধিক অভিজ্ঞ নির্মাতা। তাঁদের সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নেন আয়োজকেরা। পরিচালক হরনাথ চক্রবর্তীর হাতে তাঁর জনপ্রিয় ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর পোস্টার তুলে দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই মুহূর্তে যেন ফিরে আসে বাংলা বাণিজ্যিক সিনেমার সোনালি দিনের স্মৃতি। অনুষ্ঠানে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও যিশু সেনগুপ্তকে বর্ষীয়ানদের পা ছুঁয়ে আশীর্বাদ নিতে দেখা যায়। একইভাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রতিও শ্রদ্ধা জানাতে দেখা যায় যিশু এবং পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তকে। এই আন্তরিক মুহূর্তগুলি ক্যামেরাবন্দি হতেই তা প্রশংসা কুড়োয় উপস্থিত মহলে।

অনুষ্ঠান শেষে প্রবীণ পরিচালক প্রভাত রায়কে নিজে গাড়ি পর্যন্ত পৌঁছে দেন প্রসেনজিৎ। অন্যদিকে আয়োজকের ভূমিকায় যিশু সেনগুপ্তকেও দেখা যায় অনুষ্ঠানের নানা খুঁটিনাটি নিজের হাতে সামলাতে। সৌরভ দাসও অসুস্থ মাকে কোলে করে গাড়িতে তুলে মানবিকতার পরিচয় দেন। সব মিলিয়ে ‘অভিমান’-এর ট্রেলার লঞ্চ শুধুমাত্র একটি সিনেমার প্রচার অনুষ্ঠান ছিল না, বরং বাংলা চলচ্চিত্র জগতের ঐতিহ্য, শ্রদ্ধাবোধ এবং প্রজন্মের বন্ধনের এক সুন্দর উদযাপন হয়ে উঠেছিল। এখন ছবির গল্পে প্রসেনজিৎ, শুভশ্রী ও যিশুর সম্পর্কের সমীকরণ জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে ১৯ জুন পর্যন্ত।
