
লখনউ, ২৬ অক্টোবর : লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কনভয়ের পেছনে থাকা গাড়ি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করল উত্তর প্রদেশ পুলিশ। রাজ্য পুলিশের মহানির্দেশকের (ডিজিপি) নির্দেশে এই তদন্তকারী দল গঠনের সিদ্ধান্ত। সুলতানপুর যাওয়ার পথে সোমবার পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে রাহুল গান্ধীর কনভয়ের পেছনে থাকা কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে। দুর্ঘটনার সামগ্রিক কারণ এবং সম্ভাব্য গাফিলতি খতিয়ে দেখতে লখনউ রেঞ্জের আইজি কিরণ এস.-কে এই সিট-এর প্রধান নিযুক্ত করা হয়েছে। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার ব্রিজ নারায়ণ সিং এবং ট্রাফিক বিভাগের সিও রামকৃষ্ণ চতুর্বেদীকে সিটের সদস্য করা হয়েছে।
তদন্তকারী এই দল দুর্ঘটনার মূল কারণ ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি কনভয়ের নিরাপত্তা ব্যবস্থা, এসকর্ট প্রটোকল এবং ট্রাফিক ব্যবস্থাপনায় কোনও গাফিলতি ছিল কি না, তা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে। যত দ্রুত সম্ভব বিশদ তদন্ত রিপোর্ট পুলিশ সদর দফতরে জমা দেওয়ার জন্য সিটকে নির্দেশ দেওয়া হয়েছে।
