
শ্রীনগর, ২৬ ডিসেম্বর : শৈত্যপ্রবাহ থেকে ক্ষণিক স্বস্তি পেল কাশ্মীর উপত্যকা। রবিবার রাতে কাশ্মীরের প্রায় সর্বত্রই একটু বাড়ল রাতের তাপমাত্রা। তবুও অনেকস্থানেই এখনও তাপমাত্রার পারদ হিমাঙ্কের নীচে। রবিবার রাতে শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.৫ ডিগ্রি সেলসিয়াস, আগের রাতেই সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৫.৮ ডিগ্রি সেলসিয়াস। পহেলগামে তাপমাত্রার পারদ চড়ে মাইনাস ৫.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। গুলমার্গে মাইনাস ৫.৬ ডিগ্রি সেলসিয়াস।
শীতের শিরশিরানিতে কাঁপছে জম্মু, সেখানে তাপমাত্রা ছিল ৪.৫ ডিগ্রি সেলসিয়াস। লাদাখের লেহ ও কার্গিলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে মাইনাস ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস ও মাইনাস ১০.২ ডিগ্রি সেলসিয়াস। জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর জানিযেছে, ২৯ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে উত্তর, উত্তর-পশ্চিম এবং মধ্য কাশ্মীরের উচ্চতর অঞ্চলে বিচ্ছিন্নভাবে হালকা তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
