
ইটানগর, ১৯ নভেম্বর: প্রথম গ্রিনফিল্ড বিমানবন্দর পেল অরুণাচল প্রদেশ। শনিবার সকালে অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরের হলংগিতে অবস্থিত ডোনি পোলো বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও ৬০০ মেগাওয়াট কামেং হাইড্রো পাওয়ার স্টেশন দেশকে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী। ৬৪০ কোটিরও বেশি ব্যয়ে তৈরি হওয়া বিমানবন্দরটি যোগাযোগ উন্নত করার পাশাপাশি এই অঞ্চলে বাণিজ্য ও পর্যটন বৃদ্ধির জন্য একটি অনুঘটক হিসাবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী এদিনের অনুষ্ঠানে বলেছেন, "আপনারা জানেন, আমরা কাজের সংস্কৃতি নিয়ে এসেছি। আমরা যেখানে যে সমস্ত প্রকল্পের শিলান্যাস করেছি আমরাই উদ্বোধন করেছি। আটকানা, লটকানা, ভটকানার যুগ চলে গিয়েছে।" প্রধানমন্ত্রী বলেছেন, ২০১৯ সালে আমি যখন এই বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম, তখন নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে৷ রাজনৈতিক ভাষ্যকাররা বলতে শুরু করেছিলেন বিমানবন্দর তৈরি হবে না, মোদী ভোটের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন৷ আজকের উদ্বোধন তাঁদের মুখে সপাটে চড়।" এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজুও।
