
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বছরের শেষে আবারও মোদি-মমতা বৈঠকের সম্ভাবনা। সূত্রের খবর, ডিসেম্বরের গোড়াতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার জি-২০’র সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে ভারত, তাই নানা কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রী সে বিষয়ে সবিস্তারে আলোচনার জন্য সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের আগামী ৫ ডিসেম্বর বৈঠকে ডেকেছেন। বাংলার মুখ্যমন্ত্রীর কাছেও আমন্ত্রণ এসে পৌঁছেছে। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী এই বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন।
প্রসঙ্গত, রাজ্যের পাওনা মেটানোর দাবিতে কেন্দ্রের সঙ্গে প্রবল সংঘাত চলছে রাজ্যের। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আগেই ১০০ দিনের কাজের বকেয়া মিটিয়ে ফেলার আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাতের একবছর কেটে গেলেও একটি টাকাও দিল্লি ছাড়েনি ওই প্রকল্প বাবদ। আগেও এসব নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে এর মধ্যে গ্রাম সড়ক যোজনার টাকা মঞ্জুর হয়েছে বৃহস্পতিবার। ওই প্রকল্পের ৫৮৪ কোটি টাকা পাবে রাজ্য।
