
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গুজরাটে বিধানসভা নির্বাশুরুর এ চনের দ্বিতীয় পর্ব চলছে, ভোট পর্ব শুরুর আগে বনসকন্ঠ জেলার দাঁতা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী কান্তিভাই খরাডি রবিবার রাত থেকেই ‘নিখোঁজ’ ছিলেন বলে অভিযোগ কংগ্রেসের। সোমবার তিনি দাবি করলেন, বিজেপির হামলা থেকে প্রাণে বাঁচতে একটি জঙ্গলে প্রায় ৩ ঘণ্টা লুকিয়ে ছিলেন।
কান্তিভাইয়ের অভিযোগ, রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ তিনি যখন গাড়ি করে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন, তখন তলোয়ার, কুঠার নিয়ে প্রায় দেড়শো জন সমাজবিরোধী তাঁর উপর হামলা চালায়। আক্রমণ থেকে বাঁচতে তিনি গাড়ি ঘুরিয়ে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করলেও নাকি নিষ্কৃতি মেলেনি। আবার তাঁর গাড়িকে চার দিক দিয়ে ঘিরে ফেলা হয়। কংগ্রেসের এই আদিবাসী নেতার দাবি, শেষে প্রাণ বাঁচাতে তিনি একটি জঙ্গলে আশ্রয় নেন। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। কান্তিভাইয়ের অভিযোগ, দাঁতা কেন্দ্রের বিজেপি প্রার্থী লাধু পারঘির মদতপুষ্ট সমাজবিরোধীরাই তাঁর উপর হামলা চালিয়েছেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি টুইট করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন সব দেখেও কার্যত ঘুমিয়ে রয়েছে। বিজেপির উদ্দেশে তাঁর বার্তা, “আমরা ভয় পাচ্ছি না, আমরা ভয় পাব না, আমরা লড়াই করব।”
