
নয়াদিল্লি, ৯ অক্টোবর : আসন্ন লোকসভা নির্বাচনের আগে নতুন করে প্রস্তুতি নিচ্ছে বিজেপি নেতৃত্ব। গত লোকসভা নির্বাচনে যে যে কেন্দ্রগুলিতে বিজেপি হেরেছিল, সেই জায়গাগুলিতে নতুন করে যাত্রার পরিকল্পনা করছে পদ্মশিবির ৷ এরকম ১৪৪টি লোকসভা কেন্দ্রে কমপক্ষে ৪০টি কর্মসূচি হওয়ার ভাবনা রয়েছে ৷ নরেন্দ্র মোদীও তাতে অংশ নিতে পারেন বলে জানা গিয়েছে।দলীয় সূত্রে জানা গিয়েছে, লোকসভা নির্বাচনের আগে দলকে চাঙ্গা করতে ফের প্রবাস যোজনা করবেন নেতারা। এই প্রবাস যোজনা ফেজ-২-তে বিজেপির কেন্দ্রীয় নেতারা বিভিন্ন জায়গায় গিয়ে সংগঠন বৃদ্ধির কাজ করবেন। এই কর্মসূচির অধীনে বিজেপি ২০১৯ সালে পরাজিত হওয়া অথবা খারাপ ফল করা ১৪৪টি লোকসভা কেন্দ্রে সংগঠন বাড়াতে বিশেষ উদ্যোগ নেবে। বড় মিছিল থেকে শুরু করে রোড শো এবং জনসভা হবে বলে জানা গিয়েছে। তার মধ্যে অন্তত ৪০টি জায়গার ৪০টি বড় ব়্যালিতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৪০টি ক্লাসটারে প্রধানমন্ত্রীর ৪০টি জনসভা হবে। বাকি ১০৪টি কেন্দ্রে বিজেপি সভাপতি জেপি নড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং অন্য কেন্দ্রীয় মন্ত্রীরা ঘুরবেন এবং জনসভা করবেন।সূত্রের খবর, দলের কৌশল সংশ্লিষ্ট ক্লাস্টারের দায়িত্বে থাকা নেতা সেই অঞ্চলের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন। পাশাপাশি বিজেপির যে সব নেতারা দলের প্রতি অসন্তুষ্ট, তাঁদের ক্ষোভের কথা শুনবেন এবং সমাধানের চেষ্টা করবেন। এই যোজনার ফেজ-২-তে ৪০জন কেন্দ্রীয় মন্ত্রী ৫টি পয়েন্ট মেনে কাজ করবেন।এই সময় ক্লাস্টারের দায়িত্বে থাকা মন্ত্রী বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিষ্ঠানের প্রধান, সাধু এবং স্থানীয় নেতার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করবেন। আর এই আলোচনা হবে তাঁদের বাড়িতে অথবা নিজস্ব কোনও জায়গায়।বিজেপি মন্ত্রীরা স্থানীয় উৎসব, আচার, আঞ্চলিক মেলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। সঙ্ঘ অনুমোদিত সংগঠনের স্থানীয় আধিকারিক এবং কর্মীদের সঙ্গেও একটি বৈঠক করবেন দায়িত্বে থাকা মন্ত্রী।
