
নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর : চণ্ডীগড় বিমানবন্দরের নাম রাখা হবে শহিদ ভগৎ সিং-এর নামে। এই স্বাধীনতা সংগ্রামীর জন্মবার্ষিকীর প্রাক্কালে একথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মাসিক রেডিও অনুষ্ঠান 'মন কি বাত'-এ মোদী জানান, স্বাধীনতার অমৃত মহোৎসবের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার মন কি বাতের ৯৩তম পর্বে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "আমার প্রিয় দেশবাসীরা, তিনদিন পর ২৮সেপ্টেম্বর ৷ এটা অমৃত মহোৎসবের একটা বিশেষ দিন ৷ সেই দিনে আমরা ভারতমাতার সাহসী সন্তান ভগৎ সিং-এর জন্মবার্ষিকী পালন করছি ৷ স্বাধীনতা সংগ্রামীর প্রতি শ্রদ্ধা জানাতে, এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে চণ্ডীগড় বিমানবন্দরের এবার থেকে নামকরণ হবে শহিদ ভগৎ সিং-এর নামে ৷
পাশাপাশি গত সপ্তাহে নামিবিয়া থেকে ভারতে যে চিতা আনা হয়েছে তার নামকরণের বিষয়ে শুরু হওয়া প্রচার নিয়েও দেশবাসীকে নিজেদের মত জানানোর অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ চিতাগুলিকে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে ছাড়া হয়েছে ৷ প্রধানমন্ত্রীর কথায়, "আমাদের প্রথা মেনে যদি চিতাগুলির নামকরণ হয় তবে দারুণ হবে ৷ পশুদের সঙ্গে মানুষের কী ব্যবহার হওয়া উচিত সেই পরামর্শও দিন ৷
