Country

2 hours ago

Nepal Bus Accident: নেপালে খাদে উত্তরপ্রদেশের তীর্থযাত্রীদের বাস পড়ে মৃত শিশুসহ ২, উদ্ধারকাজে ১০টি অ্যাম্বুলেন্স পাঠালেন যোগী আদিত্যনাথ

Nepal Bus Accident
Nepal Bus Accident

 

মহারাজগঞ্জ/লখনউ, ২৩ এপ্রিল  : নেপালে তীর্থ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলার ২০ জন তীর্থযাত্রী। বৃহস্পতিবার নেপালের পিউঠান জেলার স্বর্গদ্বারী মন্দিরের কাছে তীর্থযাত্রীবোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চালকসহ বাকি ১৮ জন।

মহারাজগঞ্জের জেলাশাসক সন্তোষ কুমার শর্মা জানিয়েছেন, জেলার সদর তহসিলের সেবা রাজা গ্রামের ২০ জন বাসিন্দা নেপালে তীর্থ করতে গিয়েছিলেন। দুর্ঘটনার সময় তাঁরা নেপালের একটি বাসে সওয়ার ছিলেন। ঘটনায় ৩০ বছর বয়সী নির্মা মৌর্য এবং কাব্যা মৌর্য নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে নেপালের লুম্বিনী সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনার খবর পাওয়া মাত্রই গভীর শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণ করে ১০টি অ্যাম্বুলেন্স (যার মধ্যে ৪টি অ্যাডভান্স লাইফ সাপোর্ট সুবিধাযুক্ত) এবং একটি মেডিকেল টিমকে নেপালে পাঠিয়েছেন। পাশাপাশি মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করেছেন তিনি। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের সরকারি সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

জেলা প্রশাসন জানিয়েছে, আহতদের ফিরিয়ে আনতে এসডিএম (নৌতনবা) নবীন প্রসাদকে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং এডিএম সোনৌলি সীমান্তে ক্যাম্প করে নেপাল প্রশাসনের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখছেন। মহারাজগঞ্জ জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজকে হাই অ্যালার্টে রাখা হয়েছে এবং আহতদের জন্য আলাদা বেড সংরক্ষিত করা হয়েছে। নেপাল প্রশাসনের পক্ষ থেকেও পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। মৃত ও আহতদের স্বজনদের নেপালে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন।

You might also like!