
হায়দরাবাদ, ১৮ এপ্রিল : সংবিধান সংশোধন বিল নিয়ে সুর চড়ালেন তেলেঙ্গানা জাগৃতি দলের সভাপতি কে কবিতা। তাঁর অভিযোগ, বিজেপি আবারও দেশের নারীদের সঙ্গে প্রতারণা করেছে। শনিবার এক ভিডিও বার্তায় কে কবিতা বলেন, "যেমনটা আশা করা হয়েছিল, বিজেপি আবারও দেশের নারীদের সঙ্গে ভয়ানকভাবে প্রতারণা করেছে। তাঁরা খুব ভালো করেই জানত, সীমানা পুনর্বিন্যাসের সঙ্গে যুক্ত করা হলে এই বিলটি পাস হবে না। তাঁরা নারী সংরক্ষণ বিল এনেছে, সেটিকে সীমানা পুনর্বিন্যাসের সঙ্গে যুক্ত করেছে এবং কোনও দলের সঙ্গে আলোচনা না করেই এই সীমানা পুনর্বিন্যাস করা হয়েছে। বেশিরভাগ বিরোধী দল এর বিরুদ্ধে ভোট দিয়েছে এবং ফলস্বরূপ, ভারতের নারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।" কে কবিতা আরও বলেন, "আমি আশা করি ভারতের নারীরা বিজেপির এই মিথ্যার জাল বুঝতে পারবেন এবং দয়া করে আসন্ন যে কোনও নির্বাচনে তাঁদের উচিত শিক্ষা দেবেন। বাংলা থেকেই শুরু করুন, যেখানে একজন নারী নেতৃত্ব দিচ্ছেন।"
উল্লেখ্য, লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষণের লক্ষ্যে সংবিধানের ১৩১-তম সংশোধনী বিল লোকসভায় পাশ হয়নি। বিল নিয়ে গতরাতে ভোটাভুটির সময়ে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হওয়ায় তা পাশ করা সম্ভব হয়নি। বিলের পক্ষে ২৯৮ এবং বিপক্ষে ২৩০টি ভোট পড়ে। ৪৮৯ জন সদস্য সভায় উপস্থিত ছিলেন। দুই তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ৩২৬ টি ভোট। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ভোটাভুটির পর জানান, প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার অভাবে বিলটির অনুমোদন লাভ সম্ভব হল না।
