
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হায়দরাবাদ মন ভেঙে দিয়েছিল। কিন্তু বিশাখাপত্তনম তাঁকে সেই মন খারাপকে আনন্দে ভরিয়ে দিল। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই ভারতের হয়ে শতরান করলেন যশস্বী জয়সওয়াল। ১৫১ বলে এল তাঁর শতরান। এই ইনিংস সাজানো ১১টি চার ও তিনটি ওভার বাউন্ডারি দিয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টেই ১৭১ রান করেছিলেন তিনি।
ভারতীয় ক্রিকেটে অভিযানে তাঁর ব্যাট থেকে লেখা হয়েছে এক নতুন শব্দ। জ্যাজবল। হায়দরাবাদে ইংলিশ স্পিনারদের একাই দুরমুষ করেছিলেন এই বাঁ-হাতি ব্যাটার। আইপিএলে আবিষ্কার যশস্বীকে নিয়ে বরাবর উৎসাহী সুনীল গাভাসকর। সম্প্রতি এক টকশোয়ে সানি জানিয়েছেন, মুম্বইয়ের এই ব্যাটার মনে করিয়ে দেন সত্তর দশকের রোহন কানহাইয়ের আগ্রাসী ব্যাটিংকে।
ইতিমধ্যে যশস্বীকে ভারতের নতুন বীরেন্দ্র সেওয়াগ বলে মনে করেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তাঁর মতে, রাহুল দ্রাবিড়ের ক্লাসে আরও শান পেয়েছে জয়সওয়ালের ব্যাট। তার প্রমাণ বিশাখাপত্তনমের এই শতরান।
