
লন্ডন, : আর কয়েকদিন পরই ভারতে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপকে সামনে রেখে ভবিষ্যদ্বাণী করছেন ধারাভাষ্যকার থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটাররা। এবার সেই তালিকায় যুক্ত হলেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার কেভিন পিটারসেন।
এবার ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জয়ের দাবিদার কারা জানিয়েছেন পিটারসেন। প্রাক্তন এই ইংলিশ ক্রিকেটারের সম্ভাব্য দলগুলোর মধ্যে জায়গা পেয়েছে এশিয়া থেকে দুটি দল।
ওয়ানডে বিশ্বকাপের পাঁচ ফেভারিটের নাম জানিয়েছেন তিনি। নিজের দেশ ইংল্যান্ডকে রেখেছেন এই তালিকায়। পাশাপাশি এই তালিকায় রেখেছেন ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাকে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পিটারসেন লিখেছেন, ‘ 'কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার সিরিজে জয়ের পর বিশ্বকাপের অন্যতম দাবিদার হয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকা। ভারত ঘরের মাঠে বিশ্বকাপ খেলবে, এশিয়া কাপও তারা জিতেছে। তারা তো বিশ্বকাপ জয়ের অবশ্যই দাবিদার। ফেভারিটের তালিকায় ভারতের পরই থাকবে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। তারাও খুব বেশি পিছিয়ে নেই। আর পাকিস্তান তো সবসময়ই হুমকি।'
