
কলকাতা, ২০ অক্টোবর : নজফগড়ের' নবাব' বীরেন্দ্র সেওয়াগ শুক্রবার ৪৫-এ পা দিলেন। অনুরাগী থেকে সতীর্থ সকলে তার জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছেন। ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল ওপেনার বীরেন্দ্র সেওয়াগ তার ১৪ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ভারতের হয়ে ১০৪টি টেস্ট, ১৯টি টি-টোয়েন্টি এবং ২৫১টি ওয়ান ডে ম্যাচে খেলেছেন। টেস্ট ক্রিকেটে তিনি করেছেন ৮৫৮৬ রান। ওয়ান ডে ক্রিকেটে সেওয়াগ করেছেন ৮২৭৩ রান। এবং টি-টোয়েন্টিতে তিনি করেছেন ৩৯৪ রান।
টেস্ট ক্রিকেটে প্রথম ট্রিপল সেঞ্চুরি করা ভারতীয় ক্রিকেটার হলেন তিনি। ২০০৪ সালের ২৯ মার্চ পাকিস্তানের মুলতানে সেওয়াগ এই ট্রিপল(৩০৯) সেঞ্চুরি করেন। আর ওই ইনিংসের সুবাদে সেওয়াগকে 'সুলতান অব মুলতান' নামেও ডাকা হয়ে থাকে। কাকতালীয়ভাবে ওই একই দিন অর্থাৎ ২৯ মার্চ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আরো একটি ত্রিশতরান(৩১৯) করেন তিনি। তার ক্যারিয়ারে সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো ভারতের হয়ে দু'বার তিনি বিশ্বকাপ খেলেছেন এবং জয়ের স্বাদও পেয়েছেন। ২০০৭ এবং ২০১১ সালের বিশ্বকাপজয়ী দলেরও সদস্য ছিলেন । নজফগড়ের নবাব ও আধুনিক ক্রিকেটের জেন মাস্টার নামেও পরিচিত সেওয়াগ শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন ২০১৩র ৩ জানুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে।
