
কলকাতা, ১৮ জুন : প্রথমবার বিশ্বকাপ খেলছে এশিয়ার দেশ উজবেকিস্তান। গ্রুপ 'কে'-তে তাদের প্রথম ম্যাচটি ছিল দক্ষিণ আমেরিকার শক্তিশালী দেশ কলম্বিয়ার বিরুদ্ধে। তবে কলম্বিয়ার থেকে র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা উজবেকিস্তান ম্যাচে লড়াই করলেও জয় পায়নি। বৃহস্পতিবার কলম্বিয়ার কাছে ৩-১ গোলে হেরে গেছে উজবেকিস্তান। প্রথমার্ধে কলম্বিয়া এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে উজবেকিস্তান। তবে গোল খেয়ে ৫ মিনিট পর আবারও গোল করে এগিয়ে যায় কলম্বিয়া। আর বাড়ানো সময়ে কলম্বিয়া আরেকটি গোল করলে ৩-১এ ম্যাচ জিতে বিশ্বকাপ অভিযানটা ভালোভাবেই শুরু করল। কলম্বিয়ার হয়ে গোল তিনটি করেন দানিয়েল মুনিয়োস, দিয়াস ও হামিন্তন কাম্পাস। আর উজবেকিস্তানের হয়ে একমাত্র গোলটি করেন আব্বোসবেক ফয়জুল্লায়েভ। পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল কলম্বিয়াই। তবে ম্যাচের মাঝে মাঝে আক্রমণে গেছে উজবেকিস্তানও। ম্যাচে ৭২ শতাংশ বল একাই নিজেদের দখলে রেখেছে কলম্বিয়া। আর ২৮ শতাংশ বল দখলে ছিল উজবেকিস্তানের।
