
জয়পুর, ১৪ মে : আজ রবিবার আইপিএলে রয়েছে ডাবল হেডার। রবিবার বিকেলে রাজস্থান রয়্যালসের ঘরের মাঠে ম্যাচ। চলতি আইপিএলের ৬০তম ম্যাচে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবে ফাফ ডু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এ বারের আইপিএলে এখনও অবধি রাজস্থান ১২টি ম্যাচে খেলেছে। যার মধ্যে রাজস্থান জিতেছে ৬ ম্যাচে, হার ৬ ম্যাচে। অন্যদিকে আরসিবি ১১টি ম্যাচে খেলেছে। জয় ৫টি আর হার ৬টি। পয়েন্ট টেবলের চার নম্বরে পিঙ্ক আর্মি। ছয় নম্বরে রয়েছে আরসিবি। চলতি আইপিএলে শেষ সাক্ষাতে পিঙ্ক আর্মিকে ৭ রানে হারিয়েছিল আরসিবি। এ বার দেখার জয়পুরে কোন দল করবে বাজিমাত।
এর আগে আইপিএলের মঞ্চে ২৯ বার মুখোমুখি হয়েছিল দুই দল। তার মধ্যে রাজস্থান জিতেছিল ১২ বার। আরসিবির জয় ১৪ বার। ৩টি ম্যাচ অমীমাংসিত। এ বার দেখার নতুন মরসুমে কোন দল কাকে টেক্কা দিতে পারে।
দুটি দলকে প্লে-অফে যেতে হলে:
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর:
১১ ম্যাচে ১০ পয়েন্ট। বিরাট কোহলিদের বাকি রয়েছে আর তিনটি ম্যাচ। আজকের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। তারপর থাকবে সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাত টাইটান্স।এই তিনটি দলকে হারালে ১৬ পয়েন্ট হবে তাঁদের। তার পরেও বাকি ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে কোহলিদের।
রাজস্থান রয়্যালস:
১২ ম্যাচে ১২ পয়েন্ট। কেকেআরকে বড় ব্যবধানে হারিয়ে প্লে-অফের দৌড়ে ভাল ভাবে উঠে এসেছে রাজস্থান। তাদের বাকি দু’টি ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও পঞ্জাব কিংসের বিরুদ্ধে। এই দু’টি ম্যাচ জিতলে ১৬ পয়েন্ট হবে সঞ্জু স্যামসনদের। তাতে অবশ্য নিশ্চিত হবে না প্লে-অফ। তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকে।
