
মুম্বই, ৩০ জুন: ক্রিকেটে ভারত-পাকিস্তান এই দুই দলের লড়াই দেখার জন্য সব সময়ই উন্মুখ হয়ে থাকে এই উপমহাদেশেরক্রীড়াপ্রেমীরা। শুধু এই উপমহাদেশই নয়, সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীদেরলক্ষ্যও থাকে এই ম্যাচের দিকে। এই দুই দলের লড়াই মানেই বাড়তি উত্তেজনা।
রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আর হয় না। আর সেজন্য এই দুই দলের লড়াই দেখার জন্য বৈশ্বিক আসরগুলোর দিকেই তাকিয়ে থাকতে হয় ক্রিকেটপ্রেমীরদের।এই বছরেই রয়েছে এশিয়া কাপ ও বিশ্বকাপ। এই দুই বড় আসরে পাঁচবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে চির প্রতিদ্বন্দ্বি এই দুই দলের।
চলতি বছর আগস্ট মাসের শেষে এশিয়া কাপ হওয়ার কথা রয়েছে। তবে এখনও চূড়ান্ত সূচি প্রকাশ হয়নি। সেই প্রতিযোগিতায় গ্রুপ পর্বের প্রথমে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। দুই দলই যদি সুপার ফোর-এ ওঠে তা হলে প্রতিযোগিতার ফরম্যাট অনুযায়ী আরও এক বার দেখা হবে দুই দলের। একই সঙ্গে এশিয়া কাপের ফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে ভারত-পাকিস্তানের।সব ঠিক ঠাক হলে এশিয়া কাপেই তিনবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান।
এশিয়া কাপ শেষ হওয়ার পরেই অক্টোবর ওয়ানডে বিশ্বকাপ। ১৫ অক্টোবর আহমেদাবাদে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। গ্রুপ পর্ব থেকে যদি ভারত ও পাকিস্তান নকআউট রাউন্ডে ওঠে তাহলে সেমিফাইনাল বা ফাইনালে আবারও দেখা হতে পারে তাদের। সে ক্ষেত্রে চলতি বছরেই পাঁচবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারত-পাকিস্তানের।
