Game

54 minutes ago

World Cup 2026: যে ৪টি নতুন নিয়মে এবারের বিশ্বকাপের চেহারাই বদলে যেতে চলেছে

FIFA Unveils Four New Rules for World Cup 2026
FIFA Unveils Four New Rules for World Cup 2026

 

নয়া দিল্লি , ২৩ মে : দেখতে দেখতে এসে গেল ২০২৬ ফিফা বিশ্বকাপ। এবার উত্তর আমেরিকায় বসছে বিশ্বকাপের আসর। এই বিশ্বকাপে কিন্তু আসছে ৪টি নতুন নিয়ম, যা বিশ্বকাপের চেহারাই বদলে দেবে। উল্লেখ্য, ১৯৭০ সালে এসেছিল হলুদ ও লাল কার্ড। ২০১৮ সালে বিশ্বকাপে প্রথমবার এসেছিল ভিএআর। আর ২০২২ সালে কাতারে অতিরিক্ত সময় নাটকীয়ভাবে বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু ২০২৬ বিশ্বকাপে যে চারটি নতুন নিয়ম আসছে সেগুলি কী হতে চলেছে।

হাইড্রেশন বিরতি: গরমের মধ্যে খেলোয়াড়দের জল পান করার বিরতি আগেও দেওয়া হতো, কিন্তু এবার প্রতিটি ম্যাচে বাধ্যতামূলকভাবে এই জল পানের বিরতি থাকবে। ফিফা জানিয়েছে, আবহাওয়া যাই হোক না কেন। ঠান্ডা পরিবেশে বা বন্ধ ছাদের মাঠেও প্রতি অর্ধের মাঝামাঝিতে তিন মিনিটের বিরতি দেবেন রেফারি। এতে অবশ্যই উপকৃত হবে খেলোয়াররা। খেলায় ফিরে আসবে প্রাণ। সমালোচকরা অবশ্য বলছেন, এতে ম্যাচ কার্যত চার ভাগে ভাগ হয়ে যাবে, যা আমেরিকার শীর্ষ খেলাগুলোর ধাঁচে এবং মার্কিন সম্প্রচারকদের বিজ্ঞাপন দেওয়ার সুযোগ বেশি করে দেবে।

ভিএআরের নতুন ক্ষমতা: আগে ভিএআর শুধু গোল, পেনাল্টি, সরাসরি লাল কার্ড ও ভুল পরিচয়ের ক্ষেত্রে পর্যালোচনা করতে পারত। এবার থেকে দ্বিতীয় হলুদ কার্ডের ঘটনাও ভিএআরে দেখা যাবে। এছাড়া ‘ ভুলভাবে দেওয়া কর্নার’ পর্যালোচনার সুযোগও পাবে ভিএআর, তবে শর্ত হলো, এই পর্যালোচনা তাৎক্ষণিকভাবে এবং খেলা পুনরায় শুরুতে দেরি না করে শেষ করতে হবে।

সময় নষ্ট করলে ‘শাস্তি’: গোলকিক, থ্রো-ইন আর খেলোয়ার বদলির ক্ষেত্রে এবার কাউন্টডাউন শুরু হবে। কেউ বেশি সময় নিলে বল চলে যাবে প্রতিপক্ষের কাছে। তার মানে গোল রক্ষক যদি গোলকিক নিতে দেরি করে তাহলে তা হয়ে যেতে যাবে কর্নার, আর থ্রো-ইন চলে যেতে পারে অন্য দলের হাতে।

ইতোমধ্যে গোলকিপারদের জন্য আট সেকেন্ডের সীমা চালু আছে। এবার রেফারি মনে করলে থ্রো-ইন বা গোলকিকের জন্য পাঁচ সেকেন্ডের দৃশ্যমান কাউন্টডাউন শুরু করবেন। বদলির ক্ষেত্রে বোর্ডে নম্বর দেখানোর পর ১০ সেকেন্ডের মধ্যে খেলোয়াড়দের মাঠ ছাড়তে হবে। না ছাড়লে বদলি খেলোয়াড় পরের স্টপেজের আগে নামতে পারবেন না। চোটের কারণে মাঠ ছাড়লে ওই খেলোয়াড়কে এক মিনিট বাইরে থাকতে হবে।

মুখ ঢাকলে শাস্তি হবে লাল কার্ড: প্রতিপক্ষের সঙ্গে বচসার সময় মুখ ঢাকলে এখন থেকে লাল কার্ড দেখানো হবে। গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস লিগে বেনফিকার জিয়ানলুকা প্রেস্তিয়ানিকে এ নিয়ে শাস্তি পেতে হয়েছিল।কারন, রিয়াল মাদ্রিদের ভিনিসিউস জুনিয়রের সঙ্গে কথা বলার সময় তিনি মুখ ঢেকেছিলেন। পরে তাকে ‘বৈষম্যমূলক আচরণের’ দায়ে ছয় ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল। এই ঘটনার পরই এই নতুন নিয়ম চালু হল।

এছাড়া বিশ্বকাপে নতুন নিয়ম হয়েছে সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছেড়ে গেলেও লাল কার্ড দেখানো যাবে।আর দলীয় কর্মকর্তা খেলোয়াড়দের মাঠ ছাড়তে উসকানি দিলেও একই শাস্তি পাবেন। ফিফা এও জানিয়েছে, ‘যে দল ম্যাচ পরিত্যাগ করবে তারা নীতিগতভাবে সেই ম্যাচ হেরে যাবে।’

এরকম উদাহরণ দেখা গেছে চলতি বছরের ১৮ জানুয়ারি মরক্কোর রাবাতে আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে। ফাইনালে পেনাল্টির প্রতিবাদে সেনেগালের খেলোয়াড়রা মাঠ ছেড়েছিলেন। পরে ম্যাচ খেলতে ফিরে এসে ম্যাচ জিতলেও শিরোপা কেড়ে নেওয়া হয় তাদের কাছ থেকে। পরে শিরোপা দেয়া হয় মরক্কোকে।

You might also like!