
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মুম্বইয়ের তাজ হোটেলে রয়েছে ভারতীয় দল , আসন্ন শ্রীলঙ্কা ম্যাচের আগে যখন বাকি ক্রিকেটাররা বিশ্রাম নিচ্ছেন, সেইসময় একাই এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লেন সূর্য।
ভারতীয় ক্রিকেটের অন্যতম নামী তারকা সাংবাদিক সেজে ছদ্মবেশের ভূমিকা নিয়েছেন। সূর্যর পরণে ছিল সাদা ডোরা কাটা ফুল স্লিপ শার্ট, চোখে কালো চশমা, মুখে মাস্ক, একটি টুপিও পরেছিলেন।
সূর্যকে দেখে চিনতে পারেননি সতীর্থ তারকা রবীন্দ্র জাদেজাও। তাঁর সঙ্গে হোটেল থেকে বেরনোর সময় দেখা হয়েছিল সূর্যর। জাদেজাও বোকা বনে গিয়েছেন। সূর্য সঙ্গে নিয়েছিলেন একটি ক্যামেরা, তাঁকে দেখা গিয়েছে মেরিন ড্রাইভে বহু মানুষের সঙ্গে কথা বলছেন।জানার চেষ্টা করেছেন ভারতীয় দলের তারকাদের সম্পর্কে সাধারণ মানুষের কী ভাবনা। অনেকেই সূর্যকে পছন্দের ক্রিকেটারদের তালিকায় রাখেননি। কেউ কেউ তাঁদের পছন্দের তালিকায় রেখেছেন, কোহলি, রোহিত ও বুমরাকে। একজন অবশ্য মানছেন, সূর্যকে আরও ব্যাটিং অর্ডারে তুলে আনলে ভাল হয়।
মেরিন ড্রাইভের সিমেন্টের চাতালে বসেছিলেন এক তরুণী। তাঁর কাছে ভারতীয় ক্রিকেটের স্কাই জানতে চান, ভারতীয় দল সম্পর্কে তাঁর কী ভাবনা। এমনকী সূর্যকুমারকে কত নম্বর দেবেন? ওই তরুণী বলেন, তাঁর পছন্দের ক্রিকেটার সূর্যকুমার। তিনি অবাক হন কী করে ম্যাচে এমন সব শট নেন ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ। তরুণী জানিয়েছেনও, সূর্যকুমার যাদব ওরকম সব শট মারেন বলেই ওঁর নাম হয়েছে মিস্টার ৩৬০!
এতক্ষণ ছদ্মবেশে থাকলেও এই প্রথম নিজের আসল ডিসক্লোস করেন। সানগ্লাস, টুপি ও মাস্ক খুলে ফেলতেই সূর্যকুমারকে চিনতে পারেন তরুণী। তিনি আনন্দে ভেসে গিয়ে স্বপ্নের নায়কের সঙ্গে ছবিও তুলেছেন। সূর্য তাঁর ছদ্মবেশ রূপ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন। ক্যাপশন লেখেন, আমি অভিনয়টাও কিন্তু খারাপ করি না! তিনি যে নিজের সম্পর্কে সাধারণ মানুষের ভাবনা জানতেই এমন রূপ ধারণ করেছেন, সেটিও স্পষ্ট করেছেন তারকা।
