
নিউইয়র্ক, ২০ ফেব্রুয়ারি : আগামীকাল ২১ ফেব্রুয়ারি থেকে আমেরিকায় শুরু হচ্ছে মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মরসুম। আর মরসুমের শুরু থেকেই মেসির খেলা দেখার জন্য ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ তুঙ্গে। সেই আগ্রহ কতটা তা জানিয়েছে আমেরিকার টিকিট কেনাবেচা সংস্থা ‘স্টাবহাব’। স্টাবহাব জানিয়েছে, লিওনেল মেসির ইন্টার মায়ামির টিকিটের চাহিদা আকাশ ছোঁয়া।
এবার এখনও পর্যন্ত মেসির ইন্টার মায়ামির খেলা দেখার জন্য ৪৪টি দেশের মানুষ নতুন মরসুমের টিকিট কিনেছেন। গত মরসুমের তুলনায় রীতিমতো বিস্ময়কর। গত মরসুম শুরুর আগে মেসির খেলা দেখার জন্য টিকিট কিনেছিলেন ৯টি দেশের ফুটবলপ্রেমীরা। এবার টিকিট বিক্রি সবচেয়ে বেশি হয়েছে ২৫ ফেব্রুয়ারির এলএ গ্যালাক্সি-মায়ামি ম্যাচের। এই ম্যাচের টিকিটের দাম ২৫০ ডলার থেকে সর্বোচ্চ ৭৮২০ ডলার! আগামিকাল রিয়াল সল্ট লেকের মুখোমুখি হয়ে এমএলএসে নতুন মরসুম শুরু করবে ফুটবল জাদুকর মেসির ইন্টার মায়ামি।
