
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইস্টবেঙ্গলের হয়ে খেলতে কলকাতায় এলেন বাংলাদেশের জাতীয় মহিলা ফুটবলার সানজিদা আখতার। বৃহস্পতিবার কলকাতায় পৌঁছেছেন পড়শী দেশের এই ফুটবলার। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের কর্তারা।
জানা গিয়েছে, আগেই ভারতে আসার কথা ছিল সানজিদার। কিন্তু ভিসার সমস্যার কারণে তিনি আসতে পারেননি। মঙ্গলবার ভিসার সমস্যা মিটে গেলেই বৃহস্পতিবার কলকাতায় চলে আসেন বাংলাদেশের এই মহিলা ফুটবলার। এই প্রথম বিদেশি ক্লাবের হয়ে ফুটবল খেলবেন তিনি।
সানজিদা ছাড়াও বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুনও ভারতের মহিলা ক্লাব ফুটবলে খেলছেন। সাবিনা খেলছেন বেঙ্গালুরুর কিকস্টার্ট এফসির হয়ে । আর ইস্টবেঙ্গলের হয়ে খেলছেন সানজিদা। ইস্টবেঙ্গলের সঙ্গে কিকস্টার্টের ম্যাচ রয়েছে ৫ ফেব্রুয়ারি। সেদিনই এই দুই তারকা একে অপরের বিপরীতে মাঠে নামবেন বলে জানা গিয়েছে।
