
অ্যাডিলেড, ৮ নভেম্বর : ইংল্যান্ডের বিরুদ্ধে বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে ভারত। সেই ম্যাচের আগে অধিনায়কের চোট ভারতীয় দলকে চিন্তায় রাখবে। অ্যাডিলেডের নেটে অনুশীলনের সময় ডান হাতে চোট পেয়েছেন রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচের আগে অ্যাডিলেডে অনুশীলনের সময় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা তাঁর ডান হাতে চোট পেয়েছেন। ডান হাতে চোট পাওয়ার পরও ব্যাটিং অনুশীলনের জন্য নেটে ফিরে যান রোহিত শর্মা।
মঙ্গলবার অনুশীলনের সময় ডান হাতে চোট পেয়ে বসেন ভারত অধিনায়ক রোহিত। ফিজিওর শুশ্রুষার পরে পুনরায় ব্যাটিং করার চেষ্টা করেন হিটম্যান। তবে বল ব্যাটে লাগার পরেই হ্যান্ডেল থেকে ডান হাত সরিয়ে নিতে দেখা যায় তাঁকে। মাত্র ১টি বল খেলেই অস্বস্তি অনুভব করায় রোহিত তৎক্ষণাৎ বন্ধ করে দেন অনুশীলন। যদিও মাঠ ছাড়েননি ভারত অধিনায়ক। ডান হাতের কব্জির উপরে বেশ কিছুক্ষণ বরফ ঘষতে দেখা যায় হিটম্যানকে। তাঁর দিকে কড়া নজর ছিল ফিজিওর। প্রায় ৪০ মিনিট চোটের জায়গায় বরফ ঘষার পরে রোহিত নেটে ফেরেন। তিনি স্লো থ্রো ডাউনে ব্যাট লাগিয়ে যাচাই করে নেন কব্জির অবস্থা।
