
কলকাতা, ২২ জুন: ২০২১ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২১ ও ২০২৩ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ কিংবা ২০২২ সালের এশিয়া কাপ ও আইপিএলে রোহিত শর্মার ব্যর্থতা নিয়ে ক্রিকেট মহল এখন আলোচনায় মশগুল। সকলেই বলতে শুরু করেছেন হিটম্যানের ম্যাজিক শেষ! ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে আর মাত্র বাকি ৪ মাস। অধিনায়ক রোহিত শর্মা ফর্ম দেখে কপালে চিন্তার ভাঁজ পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তাদের। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খারাপ পারফরমেন্সের পর তাঁকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেয়ার পক্ষে বোর্ডের একাংশ।
বোর্ডের এই চিন্তা ভাবনাটা হওয়াটাই স্বাভাবিক। কারণ রোহিত শর্মার নিজের পারফরমেন্স এবং অধিনায়কত্ব একেবারেই ভালো যাচ্ছে না। যারা কিছুদিন আগে রোহিতকেই সব ফরম্যাটে নেতৃত্বে দেখতে চেয়েছিলেন তারাই আজ বলতে শুরু করেছেন 'রোহিত হটাও'। তবে তা যাই হোক, দেশের মাটিতে হচ্ছে বিশ্বকাপ। তাই অধিনায়ক বদল করে ড্রেসিংরুমের পরিবেশটা নষ্ট করতে চাইছেন না বোর্ড কর্মকর্তারা। তাই হয়তো এই যাত্রা বেঁচে যাচ্ছেন রোহিত শর্মা। তবে এক ফরম্যাটের ক্যাপ্টেন্সি তিনি হারাতে যাচ্ছেন এটা নিশ্চিত।
এবং তা হল রজার বিনি ও জয় শাহুরা হার্দিক পান্ডিয়াকে স্থায়ীভাবে টি-টোয়েন্টির অধিনায়কত্ব দিতে চাইছেন। আর আসন্ন একদিনের বিশ্বকাপের পারফরমেন্সের ওপর নির্ভর করছে রোহিত শর্মার বাকি দুই ফরম্যাটের অধিনায়কত্বও। গত ১০ বছর কোন শিরোপা নেই ভারতের। এবার শিরোপা খরা ঘোচানোর মোক্ষম সুযোগ থাকছে দেশের মাটিতে একদিনের বিশ্বকাপে।ওডিআই বিশ্বকাপে। হোম কন্ডিশনে মেগা ইভেন্টে চ্যাম্পিয়ন না হলে হয়তো ওয়ানডে ও টেস্টের নেতৃত্বও দুটোই হারাবেন রোহিত। এটা প্রায় নিশ্চিত। আপাতত একদিনের বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলের দলনেতা থাকছেন রোহিত শর্মাই। জুলাইয়ের প্রথম সপ্তাহে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাচ্ছে ভারতীয় দল। সেখানেও রোহিতের থাকছে একটা পরীক্ষা। এই মুহূর্তে তিনি লন্ডনে ছুটি কাটাচ্ছেন। হয়তো মাথা থেকে চাপটা সরিয়ে ফেলার জন্য।
