
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে হায়দরাবাদ এফসিকে ৩-২ গোলে হারিয়ে সুপার কাপ যাত্রা শুরু করল ইস্টবেঙ্গল। গোটা ম্যাচে দাপট দেখাল ইস্টবেঙ্গল। তিন বার এগোল তারা। লাল-হলুদের হয়ে জোড়া গোল করলেন ইস্টবেঙ্গলের অধিনায়ক ক্লেইটন সিলভা। একটি গোল সউল ক্রেসপোর।
মরসুমের শুরুর ইস্টবেঙ্গল আর এই ইস্টবেঙ্গলে যে কতটা তফাত তা বোঝা গেল খেলার শুরু থেকেই। ক্লেইটন, নন্দকুমাররা শুরু থেকেই আক্রমণাত্মক শুরু করেন। ম্যাচের ৮ মিনিটের মাথায় নন্দকুমারের শট পোস্টে লেগে ফেরে। নইলে প্রথমেই এগিয়ে যেতে পারত ইস্টবেঙ্গল। দু’মিনিট পরে ফাঁকা গোলে বল ঠেলতে পারেননি ক্লেইটন।
৩৩ মিনিটের মাথায় সেই ক্লেইটনের গোলেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। রাকিপের ক্রসে শরীর ছুড়ে ডান পায়ের টোকায় গোল করেন ক্লেইটন। গোল খাওয়ার পরে কিছুটা আক্রমণাত্মক খেলা শুরু করে হায়দরাবাদ। কয়েকটি সুযোগও তৈরি করে তারা। বিরতির ঠিক আগেই সমতা ফেরান রামলুনচুঙ্গা। লাল-হলুদ রক্ষণের ভুলে গোল করেন তিনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেও আক্রমণাত্মক ফুটবল শুরু করে ইস্টবেঙ্গল। ৫৩ মিনিটের মাথায় দুর্দান্ত ফ্রি কিক থেকে লাল-হলুদকে আবার এগিয়ে দেন অধিনায়ক ক্লেইটন। আইএসএলেও এই রকম ফ্রি কিক থেকে গোল করেছিলেন তিনি। ম্যাচে দ্বিতীয় বার এগোয় ইস্টবেঙ্গল।
তবে হায়দরাবাদও লড়াই ছাড়েনি। দলের প্রধান কয়েক জন বিদেশিকে ছাড়াও গোল করার মরিয়া চেষ্টা করছিল তারা। ফলও মেলে। ৭৭ মিনিটের মাথায় লাল-হলুদ বক্সে চুঙ্গামারকে ফাউল করায় পেনাল্টি পায় হায়দরাবাদ। গোলরক্ষক প্রভসুখন গিলের বাঁ দিকে দিয়ে বল জালে জড়িয়ে দেন নিম দোরজে।
পরের মিনিটেই আবার এগিয়ে যায় ইস্টবেঙ্গল। বোরহা হেরেরার কর্নার থেকে জোরালো হেডে গোল করেন সউল ক্রেসপো। আর এক বার পরাজিত হতে হয়। হায়দরাবাদের গোলরক্ষক লক্ষ্মীকান্ত কাট্টিমনিকে।
আর ফিরতে পারেনি হায়দরাবাদ। আইএসএলের শুরুটা ছন্দে করতে না পারলেও সুপার কাপের প্রথম ম্যাচেই লাল-হলুদ ফুটবলাররা যে খেলাটা দেখালেন তাতে আশায় বুক বাঁধতে পারেন সমর্থকরা।
