
নয়া দিল্লি , ৮ এপ্রিল : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সংক্ষিপ্ত হওয়া লড়াইয়ে মুম্বই ইন্ডিয়ান্সকে ২৭ রানে হারাল রাজস্থান রয়্যালস। গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে ১১ ওভারের এই ম্যাচে টস জিতে ফিল্ডিং নেয়া মুম্বইয়ের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে শুরু থেকেই ঝড় তোলে রাজস্থান। সংক্ষিপ্ত পাওয়ার প্লে (৩.২ ওভার) থেকেই আসে ৫৯ রান। বৈভব সূর্যবংশী ও যশস্বী জয়সওয়াল মিলে মুম্বই বোলারদের ওপর আধিপত্য বিস্তার করেন। ৩৯ রান করে বৈভব আউট হলেও থামেননি জয়সওয়াল। রিয়ান পরাগকে সঙ্গে নিয়ে ইনিংস গড়ার কাজ করেন তিনি। মাত্র ১০ বলে ২০ রানের ঝড়ো ইনিংস খেলেন পরাগ। নির্ধারিত ১১ ওভারে ৩ উইকেটে ১৫০ রানের বড় সংগ্রহ করে রাজস্থান। ৩২ বলে ৭৭ রানে অপরাজিত থাকেন জয়সওয়াল। মুম্বইয়ের হয়ে গাজানফার ২টি উইকেট নেন। জবাবে শুরু থেকেই চাপে পড়ে মুম্বই। পাওয়ার প্লে–তে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে মুম্বই।এরপর নিয়মিত উইকেট হারিয়ে ম্যাচে ফিরতে পারেনি মুম্বই। রাজস্থানের হয়ে নান্দ্রে বার্গার, সন্দীপ শর্মা ও রবি বিষ্ণোই—প্রত্যেকে ২টি করে উইকেট পান। শেষ পর্যন্ত ১১ ওভারে ৯ উইকেটে ১২৩ রানে আল আউট হয়ে যায় মুম্বই।
