
করাচি, ১০ জুন : ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বল ট্যাম্পারিংয়ের অভিযোগ। কাঠগড়ায় অস্ট্রেলিয়া! এই অভিযোগ ভারতের নয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ ওয়াঘার ওপার থেকে এসেছে। বিরাট কোহলি, চেতেশ্বর পূজারার আউট দেখে বল বিকৃতির ধারণা হয়েছে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলির। তাঁর মতে, ডিউক বলে অন্তত ৪০ ওভার খেলা না হলে রিভার্স সুইং করানো যায় না। অথচ অস্ট্রেলিয়ার পেসাররা ১৫ ওভারেই রিভার্স সুইং করালেন। যে কারণে প্রথম ইনিংসে বিরাট কোহলি, চেতেশ্বর পূজারাদের নাস্তানাবুদ করতে পেরেছেন প্যাট কামিন্স, মিচেল স্টার্করা। প্রাক্তন পাক ক্রিকেটারের এই অভিযোগ রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছে।
নিজের ইউটিউব চ্যানেল ‘বাসিত আলি শো’-তে প্রাক্তন পাক ক্রিকেটার ওভালের দ্বিতীয় দিনের খেলার শেষেই এই অভিযোগ করেন। যার শিরোনাম ছিল, “অস্ট্রেলিয়া অবশ্যই বল বিকৃত করেছে।” তিনি বলেন, “অস্ট্রেলিয়া এত পরিষ্কারভাবে বল বিকৃত করেছে। অথচ কেউ কিছু বলল না।"
