
মুম্বাই, ৫ অক্টোবর: আর কয়েক ঘণ্টার মধ্যে শুরু হয়ে যাবে ২২ গজের বিশ্বকাপ যুদ্ধের লড়াই। দেখার অপেক্ষায় গোটা ক্রিকেট বিশ্ব। একটা দলের সাফল্যে অলরাউন্ডারের ভূমিকা সবসময়ই থাকে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে এমন কিছু অলরাউন্ডার আছেন, যারা কিনা ব্যাটিং বোলিংয়ে পারফর্ম করে পার্থক্য গড়ে দিতে পারেন ম্যাচের ভাগ্য। বিশ্বকাপের সম্ভাব্য সেরা সেই ৪ অলরাউন্ডারকে নিয়ে এই প্রতিবেদন।
অলরাউন্ডারের প্রসঙ্গটা এলেই স্বাভাবিকভাবেই সবার আগে উঠে আসবে সাকিবের নাম। ব্যাটে-বলে সমানতালে দেড় দশকের বেশি সময় যাবৎ আধিপত্য করছেন। এই তারকার জন্য, এবারের বিশ্বকাপটাও হতে পারে বিশেষ কিছু। তাই এবারের বিশ্বকাপেও অলরাউন্ডার হিসেবে আলাদা নজর থাকবে সাকিবের ওপরে।
অলরাউন্ডার হিসেবে নজর কাড়তে পারেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ। এই অজি ক্রিকেটারের ভারতের মাটিতে পরিসংখ্যানটাও দুর্দান্ত। চলতি বছর ভারতের মাটিতে খেলা ৫ ম্যাচে গড় ৭৫-এর কাছাকাছি। ১২৪ স্ট্রাইক রেটে রান করেছেন ২৯৪। মার্চে ভারতের বিপক্ষে খেলা ৩ ম্যাচের সিরিজে তিনি জিতে নিয়েছেন সিরিজ সেরার পুরস্কার। ৭৯ ওয়ানডেতে ৫৪ উইকেট শিকার করা মার্শ, বল হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এই বিশ্বকাপে মনে করা হচ্ছে।
এই মুহূর্তে একজন দক্ষ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ঘরের মাঠে বিশ্বকাপ। তাই বিশ্বকাপটা বিশেষ হতে পারে হার্দিক পান্ডিয়ার জন্য। ইনজুরি কাটিয়ে ফেরা এই অলরাউন্ডার ধারাবাহিক পারফর্ম করছেন মেন ইন ব্লু'র হয়ে। এবারের আসরে ভারতের জন্য ট্রাম্পকার্ডও হতে পারেন হার্দিক।
অলরাউন্ডারের ভূমিকা উজ্জল রশিদ খানও। মূলত আইপিএল খেলার লম্বা অভিজ্ঞতার কারণে, এই বিশ্বকাপে আলাদা সুবিধা পাবেন এই আফগান ক্রিকেটার। আইপিএলের সবশেষ আসরেও, বল হাতে ২৭ উইকেট নিয়েছেন রশিদ। আফগানদের হয়ে মিডল অর্ডারে ব্যাট হাতেও বড় ভূমিকা রাখতে পারেন এই আফগান তারকা।
