
কলকাতা, ৭ নভেম্বর : ১১ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে গুরুত্বপূর্ণ লড়াই। এই লড়াইয়ে পাকিস্তানের জয় ছাড়া বিকল্প নেই। কারণ হারলেই বিশ্বকাপ থেকে বিদায়ের ঘন্টা বাজবে। আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হাসপাতালে যেতে হয়েছে পাকিস্তানের পেসার হারিস রউফকে। মূলত পাঁজরের এমআরআই করতেই কলকাতার একটি হাসপাতালে গিয়েছেন ডানহাতি এই পেসার।
শেষ ম্যাচে হারিস খেলবেন কিনা তা নির্ভর করছে তার এমআরআই রিপোর্টের উপর, যা এখনও প্রকাশ করা হয়নি। আর সেমিফাইনালে যাওয়ার যা পরিসংখ্যান তাতে পাকিস্তানকে বড় ব্যবধানে জয় পেতে হবে ইংল্যান্ডের বিরুদ্ধে। কারণ রান রেটে তাদের চেয়ে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। এমন এক ম্যাচে পাকিস্তান দল অবশ্যই চাইবে তাদের সেরা পেসারদের একজন হারিস রউফকে।
