
হানঝাউ, ২৬ সেপ্টেম্বর : যেখানেই ভারত -পাকিস্তান, সেখানেই লড়াই । আর সেই লড়াই দেখার জন্য সকলেই উন্মুখ হয়ে থাকেন। এশিয়ান গেমসের স্কোয়াশএর লড়াইটাও বাদ গেল না। আজ এশিয়ান গেমসে মহিলাদের স্কোয়াশে গ্রুপের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩-০ হারিয়েছে ভারত। অর্থাৎ, ভারতের তিন প্রতিযোগীই নিজেদের ম্যাচ জিতেছেন, শুরুটা হয়েছিল কিশোরী অনাহাত সিংহকে দিয়ে। প্রথম ম্যাচে পাকিস্তানের সাদিয়া গুলের বিরুদ্ধে তিনি জেতেন ১১-৬, ১১-৬, ১১-৩ পয়েন্টে।
দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলতে নেমেছিলেন জোশনা চিনাপ্পা। তাঁর প্রতিপক্ষ ছিলেন নুর উল হুদা। জোশনাও অনাহাতের মতো নিজের তিনটি গেমই জেতেন। জোশনার পক্ষে ম্যাচের ফল ১১-২, ১১-৫, ১১-৭। এরপর ভারতের লক্ষ্য ছিল তিনটি রাউন্ডই জিতে পাকিস্তানকে গো হারান হারানো। আর সেটাই করলেন তন্বী খান্না। তৃতীয় রাউন্ডে পাকিস্তানের নুর উল ইয়াজকে ১১-৩, ১১-৬, ১১-২ হারান তন্বী। ফলে ৩-০ ম্যাচ জেতে ভারত। স্কোয়াশে ভারতের মহিলা দলের পরবর্তী প্রতিপক্ষ নেপাল। খেলা আছে বুধবার ।
