Game

2 years ago

Club East Bengal : শুক্রবার প্রতিপক্ষ ওড়িশা, প্রথম ছয়ে থাকাই লক্ষ্য লাল-হলুদ শিবিরের

Prabhusukhan Gil  (File Picture)
Prabhusukhan Gil (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত শনিবার মূলত গোল না খাওয়ার লক্ষ্য নিয়েই মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে মাঠে নেমে ছিল লাল হলুদ ব্রিগেড। শনিবার লক্ষ্যপূরণও হয় তাঁদের। গোলশূন্য ড্র করে মুম্বই ছেড়েছে ইস্টবেঙ্গল। 

এ প্রসঙ্গে, লাল-হলুদ শিবিরের গোলকিপার প্রভসুখন সিংহ গিল আইএসএলের ওয়েবসাইটকে বলেছেন, “আমরা একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মুম্বইয়ে এসেছিলাম। আমাদের প্রধান লক্ষ্যই ছিল গোল না খাওয়া। সেই পরিকল্পনা ও কৌশল অনুযায়ীই খেলি আমরা। সেই লক্ষ্য পূরণের জন্য দলের প্রত্যেকেই যথেষ্ট পরিশ্রম করেছে।”

দলের এই পরিকল্পনা নিয়ে গিল আরও বলেন, “আমাদের ডিফেন্ডারদের বলে দিই, ম্যাচের শেষ দিকে তারা যেন মাথা ঠাণ্ডা রেখে খেলে। সারা ম্যাচে যেভাবে মনোনিবেশ করে খেলি আমরা, ম্যাচের শেষ দিকেও সেরকমই মনোনিবেশ করতে হবে। বলের নিয়ন্ত্রণ হারানো চলবে না। সেই পরিকল্পনা অনুযায়ী খেলেই গুরুত্বপূর্ণ এই এক পয়েন্ট অর্জন করলাম আমরা।”

শনিবারের ম্যাচে নামার আগে প্রতিপক্ষ সম্পর্কে যথেষ্ট হোমওয়ার্ক করেই নেমেছিল ইস্টবেঙ্গল শিবির। তিনি বলেন, “ম্যাচের আগে আমরা বিশ্লেষণ করে দেখি, উইং দিয়ে আক্রমণের ক্ষেত্রে মুম্বই সিটি এফসি বেশ দক্ষ। আমরা জানতাম, উইং থেকে প্রচুর ক্রস দেওয়ার চেষ্টা ওরা করবেই। সেই অনুযায়ীই আমাদের ডিফেন্ডার ও মিডফিল্ডারদের জায়গা নিতে বলা হয়েছিল। যার ফল ভালই হয়েছে”।

আইএসএলে এই প্রথম টানা তিন ম্যাচে ক্লিন শিট বজায় রাখতে পারল লাল-হলুদ বাহিনি। ফলে গিল ও তাঁর সতীর্থদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছে। কুয়াদ্রাতের দলের গোলপ্রহরী মনে করেন, সেরা ছয়ের দৌড় লিগের শেষ রাউন্ড পর্যন্ত চলবে। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের টিমস্পিরিট দারুন জায়গায় রয়েছে। আমার মনে হয়, এ বার শেষ লিগম্যাচ পর্যন্ত সেরা ছয়ের দৌড় বজায় থাকবে। কারণ, দলগুলোর মধ্যে খুব বেশি ফারাক নেই। অনেক দলের ক্ষেত্রেই তাদের শেষ পাঁচ ম্যাচ মরণ-বাঁচন লড়াই হয়ে উঠবে। সব দলই খুব ভাল খেলছে এবং ছ’নম্বর জায়গাটার জন্য খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। তাই আমাদের প্রতি ম্যচে ইতিবাচক ফল পাওয়ার জন্য মরিয়া চেষ্টা করতেই হবে”।

মুম্বইয়ে কঠিন পরীক্ষায় পাস করার পর এ বার ঘরের মাঠে আর এক কঠিন পরীক্ষার সন্মুখীন হতে চলেছে ইস্টবেঙ্গল। আগামী শুক্রবার ওড়িশা এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে তারা। সেই ম্যাচ নিয়ে প্রভসুখন সিংহ গিল বলেন, “আমাদের বেশ কঠিন ম্যাচ খেলতে হবে। আমরা যদি ছুটির আগে কয়েকটা ভাল ফল নিয়ে শেষ করতে পারি, তা হলে সেরা ছয়ে নিজেদের জায়গা করার দিকে এগিয়ে থাকব। এ মরশুমে এটাই আমাদের প্রাথমিক লক্ষ্য। আশা করি, আমরা ভাল খেলব।”

You might also like!