
বেঙ্গালুরু, ১৮ অক্টোবর : বড় সমস্যায় পাকিস্তান ক্রিকেট টিম! বেঙ্গালুরুতে পরবর্তী ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে চাপে পাকিস্তান শিবির। কারন, পাকিস্তান টিমের একাধিক প্লেয়ার অসুস্থ বলেই খবর। এমনকি তরুণ ওপেনার আব্দুল্লা শফিককে কোয়ারান্টাইনে রাখা হয়েছে। যদিও পাকিস্তান টিমের বিবৃতিতে পুরো বিষয়টি পরিষ্কার ভাবে কিছু বলা হয়নি।
বর্তমানে পাকিস্তান দলের একাধিক ক্রিকেটারের ভাইরাল জ্বর এবং ফ্লু হয়েছে। গতকাল চিন্নাস্বামী স্টেডিয়ামে পাকিস্তান টিমের ঐচ্ছিক অনুশীলন ছিল। গতকাল বেঙ্গালুরু পৌঁছে টিম ডিনার, অধিনায়কের জন্মদিন সেলিব্রেশন সবই ছিল, কিন্তু প্রস্তুতি সেরেছেন হাতেগোনা মাত্র কয়েকজন। এর ওপর ওপেনার আব্দুল্লা শফিক কোয়ারেন্টাইনে রয়েছেন। দলের বাঁ হাতি পেসার শাহিন আফ্রিদি, মিডল অর্ডার ব্যাটার সাউদ শাকিল এবং পেসার জামান খানও অসুস্থ।
লেগ স্পিনার উসামা মিরও অসুস্থ হয়েছিলেন। এখন সুস্থ হয়ে উঠছেন। শুক্রবার অজিদের বিরুদ্ধে নামার আগে শাহিন আফ্রিদি অসুস্থ আছেন। তবে সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী পাকিস্তান শিবির। তবে জ্বর হলেও কারও মধ্যে ডেঙ্গির উপসর্গ নেই বলেই খবর। পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, দলের বেশ কয়েকজন প্লেয়ার অসুস্থই ছিলেন। তারা সেরে উঠেছেন। অনেকেই সুস্থ হয়ে উঠছেন। মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে প্রত্যেককে রাখা হয়েছে।
