
ফ্রান্স, ৯ জুন :তিন ঘণ্টার কাব্যিক জয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে চলে গেলেন চেক প্রজাতন্ত্রের মেয়ে ক্যারোলিনা মুচোভা। ফেবারিট হিসেবে রোলাঁ গারোয় নামা আরিয়ানা সাবালেঙ্কাকে ৭-৬ (৭-৫),৬-৭ (৫-৭),৭-৫ গেমে হারিয়েছেন ৩৬ বছর বয়সী তারকা। র্যাঙ্কিংয়ের নিচের দিকের খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ওঠার কীর্তি গড়লেন তিনি।
এবারই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন ৪৩ তম বাছাই মুচোভা। এর আগে তাঁর সর্বোচ্চ দৌড় ছিল ২০২১ অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল। হারলেও দুর্দান্ত লড়াই করেছেন সাবালেঙ্কা। প্রথম সেটে মুচোভা টাইব্রেকারে জিতলেও দ্বিতীয় সেটে একইভাবে সমতায় ফেরেন বেলারুশিয়ান মেয়ে। তবে মহিলা এককের দুই নম্বর বাছাই তৃতীয় সেটে হেরে বসেন ৭-৫ ব্যবধানে।
বৃহস্পতি রাতে ফ্রেঞ্চ ওপেনের এককের আরেক সেমিতে শীর্ষ বাছাই ইগা সিয়াতেকের মুখোমুখি হবেন ব্রাজিলের বিয়াত্রিচ হাদ্দাদ মাইয়া। দেখার বিষয়, মুচোভা কাকে পাচ্ছেন আগামী শনিবারের (১০ জুন) ফাইনালে।
