
বার্সেলোনা, ২৫ ফেব্রুয়ারি: লা লিগায় শিরোপার লড়াইটা চলছে রিয়াল মাদ্রিদ ও জিরোনার মধ্যে। আর বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা রয়েছে এই লড়াইয়ের মধ্যে। তাঁরাও রয়েছে তৃতীয়-চতুর্থ স্থানের মধ্যে। তবে শিরোপা লড়াইয়ে বার্সাকে এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর সেই চেষ্টাটাই চালিয়ে যাচ্ছে বার্সা কোচ জাভি হার্নান্দেজ।
শনিবার রাতে নিজেদের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে হেতাফেকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। আর এই জয়ে জিরোনাকে টপকে পয়েন্ট তালিকার দুইয়ে চলে এলো বার্সা। আর শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সার ব্যবধান কমে এসেছে ৫ পয়েন্টে। ২৬ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৫৭। এক ম্যাচ কম খেলে জিরোনার পয়েন্ট ৫৬। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২৫ ম্যাচে ৬২। প্রথমার্ধে রাফিনিয়া স্প্যানিশ চ্যাম্পিয়নদের এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়েছেন জোয়াও ফেলিক্স, ফ্রেংকি ডি ইয়ং ও ফেরমিন লোপেস। কয়েকদিন আগে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নাপোলির বিরুদ্ধে ড্র করে বার্সেলোনা।আর গেতাফের বিরুদ্ধে পুরোটা সময়ই আধিপত্য দেখালো বার্সা।
