
লন্ডন, ৭ জুন : আজ থেকে ওভালে শুরু হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এই ফাইনালের আগে অস্ট্রেলিয়ার চিন্তার বড় কারণ ওভাল মাঠ। কারন, এই মাঠে দলের ইতিহাস ভালো নয়। ইংল্যান্ডে ১৮৮০ প্রথম টেস্ট ম্যাচে এই মাঠেই অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডের। এখন পর্যন্ত ওভালে ১৪৩ বছরে মোট ৩৮টি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে মাত্র সাতটি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। দক্ষিণ লন্ডনের এই মাঠে অস্ট্রেলিয়ার জয়ের শতাংশ মাত্র ১৮.৪২।
বিগত পাঁচ দশকে ওভালে মাত্র দু'টি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। ওভালে অজিদের এই খারাপ রেকর্ড নিয়ে মাথাব্যথা নেই অধিনায়ক প্যাট কামিন্সের। তিনি বলেছেন, 'ওভালের অতীত রেকর্ড নিয়ে একদমই চিন্তিত নই। আমাদের দল বেশ অভিজ্ঞতাসম্পন্ন। কয়েকজন এই মাঠে অ্যাসেজের কয়েকটি ম্যাচ খেলেছে এবং রানও করেছে। অস্ট্রেলিয়ার মাঠগুলিতে যেমন গতি, বাউন্স থাকে, এই পিচের চরিত্রও অনেকটা তেমনই। আশা করছি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও আমরা তেমনই এক উইকেটে খেলব।'
