
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতীয় ক্রিকেটে আরও এক সৌরভ। তবে তিনি গঙ্গোপাধ্যায় নন। বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলবে ভারত। সেই ম্যাচের জন্য ভারতীয় দলের দরজা খুলছে উত্তরপ্রদেশের বাঁ-হাতি স্পিনার সৌরভ কুমার। টিম ইন্ডিয়ায় ডাক পেয়ে, উচ্ছ্বসিত বাঁ-হাতি এই স্পিনার। তিনি জানিয়েছেন, এই ঘটনার তাঁর কাছে স্বপ্নের মতো।
কিন্তু কে এই সৌরভ কুমার ? ৩০ বছরের এই ক্রিকেটারকে গত বছর ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজে নেট বোলার হিসাবে স্কোয়াডে রাখা হয়েছিল। এক বছরের মধ্যেই ভারতের টেস্ট দলে ঢুকে পড়লেন সৌরভ। বিশাখাপত্তনমে যা পরিস্থিতি, তাতে তাঁর টেস্ট অভিষেক হয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
কারণ, এই ম্যাচে খেলবেন না রবীন্দ্র জাডেজা। ফলে অশ্বিনের সঙ্গে পার্টনার হতে পারেন কুলদীপ যাদব। তৃতীয় স্পিনার হিসাবে লড়াই ওয়াশিংটন সুন্দরের সঙ্গে সৌরভ কুমারের। সৌরভের আশা, বিশাখাপত্তনমে তাঁর জন্য দরজা খুলতে পারে।
