
কলকাতা, ২১ জুলাই : ২০১৩ সালে ভারত–পাকিস্তান শেষবার দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয়েছিল। আর গত ১০ বছরে দুই দল মুখোমুখি হয়েছে আইসিসি ও এসিসির টুর্নামেন্টে। এ নিয়েও ক্রীড়াপ্রেমীদের অনেক আক্ষেপ। দীর্ঘদিন পর একটা ম্যাচেরই কেবল দেখা মেলে। দ্বিপক্ষীয় সিরিজ হলে টানা তিন–চারটি ম্যাচ দেখা যায়। এবার বেশি ম্যাচ না দেখার সেই আক্ষেপে কিছুটা হলেও মিটতে পারে। এটা ভারত–পাকিস্তান কোনো দ্বিপক্ষীয় সিরিজ থেকে নয়, এ আক্ষেপ এবার মেটার সম্ভাবনা সামনে হতে চলা এক দিনের বিশ্বকাপ, এশিয়া কাপ, এমাজং টিমস এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে। দেখা যাচ্ছে, চলমান ক্রিকেট সূচিতে যে পরিমাণ টুর্নামেন্ট আছে, তাতে ভারত–পাকিস্তান একের পর এক ম্যাচে মুখোমুখি হওয়ার দারুণ সম্ভাবনা দেখা দিয়েছে।
সূচি অনুযায়ী দেখা যাচ্ছে, জুলাই থেকে নভেম্বর এই চার মাস সময়ের মধ্যে চারটি আসরে রয়েছে, যেখানে অংশ নিচ্ছে ভারত ও পাকিস্তান। এর মধ্যে তিনটি টুর্নামেন্টে ভারত–পাকিস্তানের ম্যাচ এরই মধ্যে ঠিক হয়ে গেছে।এরপর টুর্নামেন্টগুলোর যে সূচি তা থেকে দেখা যাচ্ছে তাতে উভয় দলের ম্যাচ সংখ্যা আরও পাঁচটি বাড়তে পারে। অর্থাৎ, দেখা যাচ্ছে চার মাসের মধ্যে আটবার মুখোমুখি হতে পারে ভারত–পাকিস্তান। এটা কীভাবে সম্ভব, তা একবার দেখে নেওয়া যাক।
একদিনের বিশ্বকাপ:
আগামী অক্টোবর–নভেম্বরে ভারতে হচ্ছে একদিনের বিশ্বকাপ। এই আসরের সূচি চূড়ান্ত হয়ে গেছে। প্রথম পর্ব লিগ–পদ্ধতির হওয়ায় সব দলে একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। তাই ভারত–পাকিস্তানের ম্যাচটি হবে ১৫ অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এরপর বিশ্বকাপেই আরও একবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে দুই দলের। সেটা হতে পারে সেমিফাইনালে অথবা ফাইনালে। যার অর্থ, বিশ্বকাপে দুইবার মুখোমুখি হতে পারে ভারত–পাকিস্তান।
এশিয়া কাপ:
আগস্ট–সেপ্টেম্বরে এশিয়া কাপ। এই আসরে তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান। দুই দলই একই ‘এ’ গ্রুপে আছে। ২ সেপ্টেম্বর ক্যান্ডিতে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে দুই দল। গ্রুপের অপর দল নেপাল হওয়ায় ভারত, পাকিস্তান উভয়েরই সুপার ফোরে ওঠা প্রায় নিশ্চিত। আর সুপার ফোরে গেলে আবারও মুখোমুখি হবে দুই দল, এই ম্যাচ হতে পারে ১০ সেপ্টেম্বরে। এরপরও বড় সম্ভাবনা থাকবে ১৭ সেপ্টেম্বর ফাইনালে ওঠারও।
ইমার্জিং টিমস এশিয়া কাপ:
এখন ইমার্জিং টিমস এশিয়া কাপ হচ্ছে শ্রীলঙ্কায়। এরই মধ্যে গত মঙ্গলবার ' বি' গ্রুপের খেলায় মুখোমুখি হয়েছিল ভারত–পাকিস্তান। ম্যাচে ভারত জিতেছে। দুটো দলই জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। যেখানে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ, পাকিস্তানের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এখানে দুই প্রতিদ্বন্দ্বী দেশ সেমিফাইনাল জিতলে আবারও ২৩ জুলাই ফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা।
এশিয়ান গেমস:
এবারের এশিয়ান গেমস হবে সেপ্টেম্বর–অক্টোবরে চীনে। টি–টোয়েন্টি সংস্করণের ক্রিকেট ডিসিপ্লিন আছে গেমসে। অংশ নেবে মোট ১৮টি দেশ। এর মধ্যে আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ যে চারটি দল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে তার মধ্যে আছে ভারত ও পাকিস্তান।তবে এশিয়ান গেমসের ফরম্যাট অনুসারে কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে দেখা হচ্ছে না তাদের। সেমিতে জিতলে ফাইনালে সোনার লড়াইয়ে অথবা সেমিতে হারলে ব্রোঞ্জের লড়াইয়ে জন্য খেলবে ভারত–পাকিস্তান।
